রেকর্ড জুটিতে ইংল্যান্ডের জয়
শুরুতে বল হাতে বয়েড র্যাঙ্কিন, পরে ব্যাট হাতে এউইন মরগান। বল-ব্যাটে এই দুই আইরিশের দারুণ পারফরম্যান্স, সঙ্গে মরগান-বোপারার পঞ্চম উইকেটে নতুন রেকর্ড জুটি। সব মিলিয়ে কাল ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ইংল্যান্ড জিতল ৬ উইকেটে। একই সঙ্গে সেরে নিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতিও। ক্রিকইনফো।
অধিনায়ক পোর্টারফিল্ডের সেঞ্চুরির (১১২) সুবাদে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৬৯ রান করে আয়ারল্যান্ড। ৪৬ রানে ৪ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের হয়ে প্রথম ওয়ানডে খেলতে নামা আইরিশ পেসার র্যাঙ্কিন। রান তাড়া করতে এসে ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে একসময় ধুঁকছিল ইংল্যান্ড। কিন্তু আরেক ‘আইরিশ’ মরগান (১২৪*) ও রবি বোপারার (১০১*) জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ড শুধু ঘুরেই দাঁড়ায়নি, ৪২ বল হাতে রেখেই মাঠ ছেড়েছে জয় নিয়ে। দুজনে গড়েছেন পঞ্চম উইকেটে ওয়ানডের নতুন রেকর্ড জুটিও (২২৬ রান)।