রেকর্ড ডাকছে বার্সা-ম্যানইউকে
হারকিউলিসকে হারিয়ে টানা ১৫ জয় এসেছে গত সপ্তাহে। ওই জয়ই বার্সেলোনাকে বসিয়েছে আলফ্রেডো ডি স্টেফানোর রিয়ালের পাশে। ১৯৬০-৬১ মৌসুমের স্প্যানিশ লিগে গড়া রিয়ালের ওই টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ড আজই মুছে দিতে পারে বার্সেলোনা। মাদ্রিদেরই দল অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আজ মেসি-জাভি-ইনিয়েস্তারা নামবেন ন্যু ক্যাম্পে। স্পেনে যখন মেসিরা দারুণ নতুন এক রেকর্ড গড়ার পথে, ইংলিশ লিগে তখন নিজেদের নতুন ‘অজেয়’ দল হিসেবে দাবি করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার নানি।লা লিগায় রিয়াল-বার্সেলোনা ম্যাচকেই বলা হয় এল ক্লাসিকো। সেই হিসাবে এল ক্লাসিকো হয় দুটি, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হোম ও অ্যাওয়ে ম্যাচ। কিন্তু এবার কিংস কাপ বা কোপা ডেল রের ফাইনালেও দেখা হয়ে যাচ্ছে তাদের। তাই স্পেন পেতে যাচ্ছে বাড়তি একটি এল ক্লাসিকো! ১৭ এপ্রিল বার্নাব্যুতে লিগ লড়াই, ২০ এপ্রিল হবে কোপা ডেল রের ফাইনাল। বার্সেলোনা যে বিধ্বংসী ফর্মে আছে তাতে ওই দুই ম্যাচেই হয়তো জয়ের আশায় উদ্বেল ন্যু ক্যাম্প। তবে বার্সেলোনার আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো কাপ ফাইনাল বাদ দিয়ে আপাতত লিগের কথাই বেশি করে ভাবতে চান বিশেষ করে আজকের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদকে নিয়ে, ‘আমাদের এখন ওই ফাইনালের কথা ভুলে থাকা উচিত। না হলে আমরা অন্য প্রতিযোগিতায় সমস্যায় পড়ে যাব।’ মাচেরানোর কথা রিয়ালের কাছে একটা ম্যাচ হারতেই পারে বার্সেলোনা, রিয়াল দুর্দান্ত দল, তা ছাড়া তাঁরা তো মানুষ, যন্ত্র নয়। একটা সপ্তাহের শেষের দিনে পরাজয় আসতেই পারে। যদিও এই মুহূর্তে ওই চিন্তাটাকে মাথায় ঠাঁই-ই দিচ্ছেন না। কেননা দলের মধ্যে নির্ভার হয়ে পড়ার বিন্দুমাত্র লক্ষণ দেখছেন না। তবে অ্যাটলেটিকো মাদ্রিদকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না এই আর্জেন্টাইন, ‘অ্যাটলেটিকো খুবই শক্তিশালী দল। আমরা যেমন চাই, ফল তেমনই হবে ব্যাপারটি এমন নয়। গত মৌসুমে তারা ইউরোপা লিগ জিতেছিল এবং সুপার কাপে বিশ্ব চ্যাম্পিয়নদের (ইন্টার মিলান) হারিয়ে দিয়েছিল।’ আর্জেন্টিনা-সতীর্থ মাচেরানোর কথার পাল্টা হিসেবে রিয়াল মাদ্রিদ উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া যা বলেছেন, তাতেও গুরুত্ব পেয়েছে লিগ। আগামীকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে নামার আগে ডি মারিয়া বলেছেন, ‘আমাদের এখন লিগেই মনঃসংযোগ করতে হবে, পরে তো আসছে চ্যাম্পিয়নস লিগ।’ বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল, বার্সেলোনা কয়েকটি পয়েন্ট হারালেই কেবল শিরোপা জয়ের কথা ভাবতে পারে তারা। কিন্তু ডি মারিয়ার কথায় মনে হচ্ছে না তাঁরা লিগটা হাতছাড়া হয়ে গেছে বলে ভাবছেন।ওদিকে আজ ইংলিশ লিগে উলভারহ্যাম্পটনের সঙ্গে ড্র করতে পারলেই লিগে ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়বে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৯৮-৯৯ সালে এই কীর্তি গড়েছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। এই রেকর্ড তো রইলই, ম্যানইউর পর্তুগিজ উইঙ্গার নানি বেশি খুশি হবেন ২০০৩-০৪ মৌসুমের আর্সেনালের মতো এবার লিগটা অপরাজিতভাবে শেষ করতে পারলে, ‘আমরা অপরাজিতভাবেই মৌসুম শেষ করতে চাই। এ মুহূর্তে আমরা খুবই আত্মবিশ্বাসী এক দল।’ টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকলে সেই দলকে আত্মবিশ্বাসী তো আপনি বলবেনই। ২৪ ম্যাচে অপরাজিত ম্যানইউ ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। এএফপি।