রেকর্ড বইয়ে মরগান-বোপারা

ওয়ানডে ক্রিকেটের নবতম ভেন্যু ডাবলিনের মালাহাইড ভিলেজ। প্রায় ১০ হাজার দর্শক চিৎকার করে যাচ্ছে স্বাগতিক দলের পক্ষে। সেই অনুপ্রেরণাতেই কি না, গত পরশু ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে ২৬৯ করে ফেলল আয়ারল্যান্ড। এরপর ৪৮ রানেই যখন তুলে নিল ইংল্যান্ডের ৪ উইকেট, গত বিশ্বকাপে আইরিশদের ইংল্যান্ড-বধের স্মৃতি তখন উঁকিঝুঁকি দিচ্ছে। কিন্তু ধীরে ধীরে মিলিয়ে গেল সেটি। রবি বোপারার সঙ্গে বিশ্ব রেকর্ড জুটি গড়ে ইংল্যান্ডকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই ম্যাচের ইংলিশ অধিনায়ক এউইন ‘বিভীষণ’ মরগান। হ্যাঁ, বিভীষণই! কারণ মালাহাইডের এই মাঠে ক্রিকেট খেলেই বড় হয়েছেন আয়ারল্যান্ড ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমানো মরগান।
এই ম্যাচ দেখতে দেখতে আইরিশদের মনে আফসোসও হয়েছে নিশ্চয়ই। ব্যাটিং-বোলিং দুটিতেই সেরা দুই আইরিশ। তা হলে আফসোস কেন? আফসোস, কারণ এই দুই আইরিশই তা করেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে! ব্যাটিংয়ে মরগান যা করেছেন, এর আগে বোলিংয়ে তা করেছেন বয়েড র্যাঙ্কিন (ক্যারিয়ার-সেরা ৪/৪৬)।
৭ ওভার হাতে রেখে ৬ উইকেটে জয়। পঞ্চম উইকেটে বিশ্ব রেকর্ড জুটি। আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের সেঞ্চুরির জবাবে মরগান-বোপারা দুজনেরই সেঞ্চুরি। ফলাফলে হতাশ হলেও দর্শকেরা হয়ে থাকল অনেক কীর্তির সাক্ষী। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ২২৬ রানের জুটি গড়ে মরগান-বোপারা ভেঙেছেন ১৬ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড। পেছনে ফেলেছেন ১৯৯৭ সালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন ও অজয় জাদেজার ২২৩ রানের জুটিকে। ওয়ানডেতে পঞ্চম উইকেটে দুই শ পেরোনো জুটি আছে আর মাত্র একটিই, ২০০৫ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২০ রান করেছিলেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডস-মাইকেল ক্লার্ক জুটি।
মরগান (১০৬ বলে অপরাজিত ১২৪) ও বোপারা (৭৫ বলে অপরাজিত ১০২) দুজনেই খেলেছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ইনিংস। ওয়ানডেতে বোপারার এটা প্রথম সেঞ্চুরি, মরগানের পঞ্চম। ওয়ানডেতে এই দুজনের ২২৬ রানের চেয়ে ইংল্যান্ডের বড় জুটি আছে আর মাত্র একটি। ২০১০ সালে এজবাস্টনে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের বিপক্ষে ২৫০ রানের সেই জুটিটি গড়েছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস ও জোনাথন ট্রট। তথ্যসূত্র: এএফপি ও ক্রিকইনফো।
ওয়ানডেতে জুটির রেকর্ড
দল-প্রতিপক্ষ ভেন্যু সাল
১ম ২৮৬ থারাঙ্গা-জয়াসুরিয়া শ্রীলঙ্কা-ইংল্যান্ড হেডিংলি ২০০৬
২য় ৩৩১ টেন্ডুলকার-দ্রাবিড় ভারত-নিউজিল্যান্ড হায়দরাবাদ ১৯৯৯
৩য় ২৩৮ আমলা-ডি ভিলিয়াস দ. আফ্রিকা-পাকিস্তান জোহানেসবার্গ ২০১৩
৪র্থ ২৭৫* আজহারউদ্দিন-জাদেজা ভারত-জিম্বাবুয়ে কটক ১৯৯৮
৫ম ২২৬* মরগান-বোপারা ইংল্যান্ড-আয়ারল্যান্ড ডাবলিন ২০১৩
৬ষ্ঠ ২১৮ জয়াবর্ধনে-ধোনি এশিয়া-আফ্রিকা চেন্নাই ২০০৭
৭ম ১৩০ অ্যান্ডি ফ্লাওয়ার-স্ট্রিক জিম্বাবুয়ে-ইংল্যান্ড হারারে ২০০১
৮ম ১৩৮* কেম্প-হল দ. আফ্রিকা-ভারত কেপটাউন ২০০৬
৯ম ১৩২ ম্যাথুস-মালিঙ্গা শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া মেলবোর্ন ২০১০
১০ম ১০৬* রিচার্ডস-হোল্ডিং উইন্ডিজ-ইংল্যান্ড ওল্ড ট্রাফোর্ড ১৯৮৪