রেকর্ড ভাঙবে বাংলাদেশের গান!

টি-টোয়েন্টি বিশ্বকাপের আনন্দযজ্ঞে কান পাতলেই শোনা যাচ্ছে ‘চার ছক্কা হইহই, বল গড়াইয়া গেল কই...’। পুরো দেশ এখন নাচছে এ গানের তালে। শুধু কি বাংলাদেশ? ‘চার ছক্কা’ এখন আছড়ে পড়েছে দেশের সীমানার বাইরে। আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সাড়া ফেলেছে গানটি।
ভারতের সংবাদমাধ্যম ‘জি-নিউজ’ শিরোনাম করেছে, ‘ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ‘‘বাংলা” গান লোপেজ-পিটবুলের ফুটবল বিশ্বকাপের গানকেও ছাড়িয়ে যেতে পারে।’ অস্ট্রেলিয়ার জনপ্রিয় ওয়েবসাইট ‘নিউজডটকম’ শিরোনাম করেছে, শুনুন ‘“চার ছক্কা হইহই”’।
নিউজডটকম উল্লেখ করেছে, বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণে তৈরি গানটির কথায় কিছু উত্সাহব্যঞ্জক বাক্য রয়েছে। যেমন—‘সিক্সটিন ক্রিকেট ক্রেজি নেশনস, হাউ এক্সাইটিং’, ‘বম্ব্যাসটিক রকিং’ ইত্যাদি। মুগ্ধতাজাগানিয়া গানটি জেনিফার লোপেজ, পিটবুল ও ক্লদিয়া লেইতের গাওয়া এবারের ফিফা বিশ্বকাপের গানকে টেক্কা দিতে পারে। অসাধারণ বিট ও লয়ের কারণে দ্রুতই জনপ্রিয় হয়েছে গানটিকে। গানটির ভিডিওক্লিপস ইউটিউবে যেভাবে ঝড় তুলেছে, তাতে ২০১০ ফুটবল বিশ্বকাপে গাওয়া শাকিরার ‘ওয়াকা ওয়াকা’কেও ছাড়িয়ে যেতে পারে।
গানটি মুক্তি পাওয়ার পরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে ‘ফ্ল্যাশমব’। নিউজডটকমের ধারণা, গানটি যেভাবে জনপ্রিয় হচ্ছে, তাতে লন্ডন, মুম্বাই, কেপটাউন ও সিডনির রাস্তায় চার ছক্কার তালে তরুণদের আকস্মিক নৃত্য এখন কেবল সময়ের ব্যাপার। ওয়েবসাইট।