রেকর্ড হলো না বার্সা-অ্যাটলেটিকোর
ম্যাচ শেষে প্রতিপক্ষ কোচের সঙ্গে হাত মেলাচ্ছিলেন জেরার্ডো মার্টিনো। টেলিভিশনের ক্যামেরা একবার জুম করল বার্সেলোনা কোচের মুখে। হাসির আড়ালে লুকিয়ে রাখা হতাশাটা ওই একঝলকেই টের পাওয়া গেল। পরে অবশ্য সংবাদ সম্মেলনে এসে বার্সা কোচ নিজের মুখেই স্বীকার করলেন, ‘আমার দল যেভাবে খেলেছে এবং যতগুলো সুযোগ তৈরি করেছে সাধারণত বার্সেলোনার জয়ের জন্য সেটাই যথেষ্ট। কিন্তু আজ কেন জানি হলো না।’
হয়নি বলেই বাঘা বাঘা দলকে হারিয়ে আসা বার্সেলোনা শেষ পর্যন্ত কিনা থেমে গেল ওসাসুনার সামনে এসে। মৌসুমের শুরুতে টানা আট ম্যাচ জয়ের পর পরশু রাতে গোলশূন্য ড্র। বার্সা পয়েন্ট হারানোয় ৪৫ বছর আগে গড়া রিয়াল মাদ্রিদের মৌসুমের শুরুতে টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড এককভাবে স্পর্শ করার সুযোগ পেয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু বার্সার ঘণ্টা দুয়েক পরে মাঠে নামা অ্যাটলেটিকো হেরেই গেছে। হারটা গোলরক্ষক থিবো কোর্তোয়ার আত্মঘাতী গোলে! দুই বড় প্রতিদ্বন্দ্বী পয়েন্ট খোয়ানোয় আদতে লাভ হয়েছে রিয়াল মাদ্রিদের। মালাগাকে ২-০ গোলে হারিয়ে রিয়াল ব্যবধান কমিয়েছে বার্সা-অ্যাটলেটিকোর সঙ্গে। ৯ ম্যাচ শেষে বার্সেলোনা, অ্যাটলেটিকো ও রিয়ালের পয়েন্ট যথাক্রমে ২৫, ২৪ ও ২২।
ওসাসুনার বিপক্ষে গোল করার বেশ কিছু সুযোগ পেয়েছিলেন নেইমার, সেস্ক ফ্যাব্রিগাস আর পেদ্রোরা। তবে শেষ পর্যন্ত লক্ষ্যভেদ করতে না পারায় ভাগ্যকেই দোষ দিচ্ছেন বার্সেলোনা কোচ, ‘প্রথমার্ধে আমরা মিলিমিটার দূরত্বে কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেছি। দ্বিতীয়ার্ধেও অন্তত চারটি নিশ্চিত সুযোগ পেয়েছিলাম।’ তবে পয়েন্ট খোয়ানো এ ম্যাচ থেকেই সমর্থকেরা ইতিবাচক অনেক দিক খুঁজে নিতে পারে। চোট কাটিয়ে আট মাস পর মাঠে ফিরেছেন বার্সেলোনা ডিফেন্ডার কার্লোস পুয়োল। শুধু তাই নয়, পুরো ৯০ মিনিট খেলে আভাস দিয়েছেন পুরোনো পুয়োলের মতোই বাকি মৌসুমটা কাটানোর। চোট থেকে সেরে উঠে ফিরেছেন লিওনেল মেসিও। তবে মার্টিনো তাঁকে খেলিয়েছেন ২২ মিনিট। তার পরও আগামীকাল চ্যাম্পিয়নস লিগে এসি মিলান ও শনিবার এল ক্লাসিকোর আগে মেসির সুস্থ হয়ে ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে বার্সা সমর্থকেরা।
সুস্থ হয়ে পরশু রাতে মাঠে ফিরেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেলও। খেলেছেন মাত্র ১৫ মিনিটের মতো, তবে ওই সময়ের মধ্যে দলকে একটা পেনাল্টি পাইয়ে দিয়েছেন রিয়াল উইঙ্গার। সেই পেনাল্টিতে লিগে এবারের লিগে নিজের অষ্টম গোলটি করে রিয়াল মাদ্রিদকে দারুণ এক জয় এনে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়ালের হয়ে প্রথম গোলটি করেছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। চ্যাম্পিয়নস লিগ ও এল ক্লাসিকোর আগে ছাত্রদের এমন পারফরম্যান্সে স্বভাবতই আনন্দিত রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, ‘আমাদের গোল করার আরও অনেকগুলো সুযোগ ছিল। আমি আশা করি ছেলেরা পরের ম্যাচগুলোতে এই ধারাবাহিকতা ধরে রাখবে।’
রাতটা সবচেয়ে হতাশার কেটেছে আসলে অ্যাটলেটিকো কোচ সিমিওনের। স্প্যানিশ ক্লাবটির দায়িত্বে এদিন শততম ম্যাচ ছিল আর্জেন্টাইন কোচের। গোলরক্ষকের আত্মঘাতী গোলে সেই ম্যাচে হার নিয়েই ফিরতে হয়েছে তাঁকে। থেমে গেছে টানা ৮ ম্যাচের জয়রথ। এএফপি।
এই নিয়ে ৫ বার রোনালদোর শট প্রতিহত ক্রসবারে। এই কাজটি লা লিগায় তাঁর চেয়ে বেশি আর কেউ করেনি।
আগের ৬৪ ম্যাচেই গোল করেছে বার্সেলোনা। পরশু রাতে লিগের ৬৫তম ম্যাচে তারা গোলশূন্য।
২২৪ দিন পর মাঠে নেমেছেন বার্সেলোনা অধিনায়ক কার্লোস পুয়োল।