রেকর্ড হারিয়ে হালিমের বিস্ময়

বল মাথায় নিয়ে গিনেস বুকে নাম তুলে সাড়া ফেলেছিলেন মাগুরার আবদুল হালিম। বছর তিনেক আগে ১৫.২ কিলোমিটার পথ তিনি পাড়ি দেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটানা চক্কর দিয়ে। এত দ্রুত সেই রেকর্ডটা ভেঙে যাবে ভাবাই যায়নি। কাল হঠাৎ করেই বার্তা সংস্থা পিটিআই খবর দিল, ভারতের নায়েক সুবেদার আজাদ সিং ৪৫.৬৪ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন বল মাথায়! কাজেই গিনেস বইয়ে হালিমকে সরিয়ে জায়গা করে নিলেন তিনি।
খবরটা শুনে বিশ্বাসই করতে পারছিলেন না হালিম। মাগুরা থেকে ফোনে বললেন, ‘আমার চেয়ে ৫-৭ কিলোমিটার হয়তো কেউ বেশি রাখতে পারে ভেবেছিলাম। তাই বলে ৪৫ কিলোমিটার! এটা আমার কাছে অবিশ্বাস্য লাগছে।’ নতুন রেকর্ডটা ভাঙার চেষ্টা করবেন না বলেও জানালেন, ‘২৫ কিলোমিটার হলে হয়তো চেষ্টা করে দেখতাম। কিন্তু ৪৫ কিলোমিটারের রেকর্ড ভাঙতে যাওয়ার চেষ্টা করার কথা ভাবাও অবান্তর মনে হচ্ছে।’
তাই বলে হালিম পিছিয়ে আসবেন, এমন ভাবার কারণ নেই। নিজের আকাঙ্ক্ষা জানিয়ে রাখলেন, ‘অন্য কোনো রেকর্ড গড়ার কাজ দ্রুত শুরু করতে চাই।’ হালিমের বিশ্বাস, নতুন মিশনেও সফল হবেন।