রেকর্ডও গড়তে চায় ইউনাইটেড
শিরোপাটা এখন শুধু হাতে নেওয়ার অপেক্ষা। লিগের বাকি ছয় ম্যাচ থেকে আর মাত্র ৭ পয়েন্ট চাই ম্যানচেস্টার ইউনাইটেডের। ফার্গুসনের দল এটি পারবে না—এর পক্ষে বাজি ধরার লোক সম্ভবত এই বিশ্বে খুঁজে পাওয়া যাবে না। তবে ইউনাইটেডের চোখ কিন্তু শিরোপা ছাড়িয়ে আরও বহু দূরে। শুধু ট্রফিটাই নয়, সেটি জিততে চায় তারা নতুন রেকর্ড গড়ে। আজই প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামের মুখোমুখি ইউনাইটেড।২০০৪-০৫ মৌসুমে ৯৫ পয়েন্ট পেয়েছিল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুমে এটাই সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড। ইউনাইটেডের পয়েন্ট এখন ৩২ ম্যাচে ৮০। বাকি ম্যাচগুলো জিতলে চেলসির রেকর্ড ভেঙে দেবে ইউনাইটেড। এমনকি একটি ম্যাচ ড্র করলেও সমস্যা নেই। দলের দুই স্ট্রাইকার ওয়েইন রুনি ও রবিন ফন পার্সি অবশ্য ড্রয়ের কথা ভাবতেই চাইছেন না। তাঁরা চান বাকি ছয় ম্যাচেই জয়।ফার্গুসনই যে লক্ষ্যটা ঠিক করে দিয়েছেন, সেটি জানা গেল রুনির কথায়, ‘ম্যানেজার (স্টোক সিটিকে হারানোর আগে) বলেছিলেন, আমাদের মৌসুম আজ থেকে শুরু হচ্ছে। আমাদের ছয়টি ম্যাচ বাকি, সব কটিই জিততে হবে। যদি আমরা সব জিততে পারি, তাহলে একটা রেকর্ডও করে ফেলতে পারব। অর্জন করার জন্য এটা ভালো একটা লক্ষ্য।’ ওয়েবসাইট।