রেকর্ডময় দিনে তামিমের কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৩ কে ছাপিয়ে যাচ্ছে যেন ১৭। তামিম ইকবালের সামনে আবারও প্রশ্ন, ১৮৩ করার তৃপ্তি বড় না ১৭ রান করতে না পারার আক্ষেপ! প্রথম রাউন্ডে জোড়া সেঞ্চুরি পেলেও প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি পাননি মাত্র ৮ রানের জন্য। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে কাল করে ফেললেন প্রথম শ্রেণীর ক্রিকেটে টানা তিন ইনিংসে সেঞ্চুরি। এক ডজন ছক্কায় গড়লেন বাংলাদেশের হয়ে ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডও। কিন্তু খুব কাছে গিয়েও প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন না আরেকবার।আজ সেই সুযোগ থাকছে জুনায়েদ সিদ্দিকের। ১৩৭ রান নিয়ে দিন শুরু করবেন রাজশাহীর ওপেনার। সেঞ্চুরি পেয়েছেন তাঁর ওপেনিং সঙ্গী মিজানুর রহমানও। দুজনে মিলে গড়েছেন উদ্বোধনী জুটিতে জাতীয় লিগের রেকর্ড (২৬৭)। টানা দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন রংপুরের নাঈম ইসলাম। এই রানবন্যার মাঝেও ঢাকায় যথারীতি চলছে উইকেট-বৃষ্টি। ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য আত্মবিশ্বাসের রসদ পেয়েছেন শাহাদাত হোসেন। আর তামিম-ঝড়ের ইনিংসেই ৬ উইকেট নিয়ে টেস্ট দলে ফেরার দাবি আরও জোরালো করেছেন এনামুল জুনিয়র। ৪ বছর পর জাতীয় লিগে ফিরে প্রথম দিনে সাকিব আল হাসান পেয়েছেন ২ উইকেট।ঢাকা-ঢাকা মহানগরআগের রাউন্ডে মিরপুরে প্রথম দিনে উইকেট পড়েছিল ১৬টি। কাল পড়ল ১৭টি! একটু বাড়তি বাউন্স ছাড়া উইকেটে এমন কোনো জুজু নেই। তার পরও খাবি খেলেন দুই দলের ব্যাটসম্যানরা। শাহাদাত হোসেনের তোপে ২০৫ রানে গুটিয়ে যায় টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকা মহানগর। গতি আর বাউন্স মিলিয়ে দারুণ আগ্রাসী ছিলেন শাহাদাত। একমাত্র আসিফ আহমেদই স্বচ্ছন্দে খেলেছেন তাঁকে। একটু বাড়তি বাউন্সের উইকেটে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাটিং ক্রিজের বেশ ভেতরে স্টান্স নিয়ে ব্যাট করেছেন আসিফ। খেলেছেন দারুণ কিছু পুল আর কাট। দ্রুত সঙ্গী হারাচ্ছিলেন, সেঞ্চুরির তাড়নায় শাহাদাতকে পুল করতে গিয়েই শেষ হয়েছে আসিফের ইনিংস (৮৬)। দিন শেষে তবু লিড পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা তাদেরই। ১১৩ রান তুলতেই যে ৭ উইকেট নেই ঢাকা বিভাগের! ৪ উইকেট নিয়ে মূল হন্তারক বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। দায়টা বেশি যদিও মাহমুদুল্লাহ-রকিবুলদের খামখেয়ালি ব্যাটিংয়ের।চট্টগ্রাম-সিলেটবিকেএসপিতে খানিকটা ভেজা উইকেটেও টস জিতে ব্যাটিং নিয়েছিলেন তামিম ইকবাল। ঘণ্টা দেড়েক পর সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণের জন্য ছিলেন শুধু চট্টগ্রাম অধিনায়ক নিজেই, ৫৯ রানে নেই ৪ উইকেট! ছোট ভাইয়ের সঙ্গে ওপেন করতে নেমে আবার শূন্য রানে আউট নাফীস, খালি হাতে ফিরেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মমিনুল হকও। উইকেট একটু সহজ হওয়ার পর আফতাবকে নিয়ে তামিমের পাল্টা আক্রমণ। ৩১ রানের ইনিংসেই ৩টি ছয় মেরেছেন আফতাব। ষষ্ঠ উইকেটে শ্রীলঙ্কান অলরাউন্ডার মিলিন্দা সিরিবর্ধনের (৬৪) সঙ্গে তামিমের জুটি ১২৫ রানের। ১৪৬ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন তামিম, পরের পঞ্চাশ করতে লেগেছে মাত্র ২৮ বল! শেষ পর্যন্ত ১৩ চার ও ১২ ছয়ে ১৮৭ বলে ১৮৩। সবগুলো ছয় স্পিনারদের বলে—এনামুলকে চারটি, রাজিনের এক ওভারেই তিনটি, তিনটি সাকেরকেও, একটি করে অলক ও ইমতিয়াজের বলে। তার পরও এনামুলের ঘূর্ণিতে চট্টগ্রাম অলআউট ৩৬৭ রানে। তবে সিলেট-ওপেনার ইমতিয়াজকে শূন্যতে ফিরিয়ে দিনটাকে চট্টগ্রামেরই করে তুলেছেন মিলিন্দা।রাজশাহী-বরিশালসর্বশেষ চারবারের চ্যাম্পিয়নরা এবার হেরেছে প্রথম ম্যাচেই! রাজশাহী তাই ঘুরে দাঁড়াতে চাইছে বিপুল বিক্রমে। সেই প্রত্যয়ের কাছে যেন পাত্তাই পেল না বরিশাল। রাজশাহীর উদ্বোধনী জুটি ভাঙতেই যে প্রায় পুরো দিন লেগে গেল বরিশালের! মনির হোসেনের বলে শেষ বিকেলে যখন বোল্ড হলেন মিজানুর রহমান, নামের পাশে ২২০ বলে ২১ চার ও ১ ছয়ে ১৪৮। জুনায়েদের সঙ্গে উদ্বোধনী জুটিতে জাতীয় লিগের রেকর্ড ২৬৭। তখন ১১১ রানে থাকা জুনায়েদ দিন শেষে অপরাজিত ১৩৭ রানে। আগের ম্যাচে তিনে ব্যাট করেছিলেন। টেস্ট দলে একটা ওপেনারের জায়গা ফাঁকা দেখেই কি না, রাজশাহীতে কাল ওপেন করলেন। জুনায়েদ নিজের দাবিটা আরও জোরালো করার সুযোগ পাবেন আজ ইনিংসটাকে আরও বড় করে। আগের ম্যাচে ৯ উইকেট নেওয়া সোহাগ গাজী কাল রান দেওয়ার সেঞ্চুরি (১০৪) করেও উইকেটশূন্য।রংপুর-খুলনাখুুলনায় টস জিতে ব্যাটিংয়ে নামা রংপুর প্রথম ৩ ব্যাটসম্যানকে হারায় ৫৩ রানের মধ্যে। নাসিরকে নিয়ে এরপর নাঈমের প্রতিরোধ। টেস্ট সিরিজের প্রস্তুতিতে নাসির ফিরে গেলেন ওয়ানডে মেজাজের ইনিংস খেলে (৪৫ বলে ৪৮)। চতুর্থ উইকেটে ধীমান ঘোষের (৫৪) সঙ্গে নাঈমের ১৪২ রানের জুটিতে উদ্ধার রংপুরের। নাঈম ১০৯ রানে অপরাজিত ২৭২ মিনিট ব্যাট করেন। সং ক্ষি প্ত স্কো রঢাকা মহানগর-ঢাকা বিভাগ, মিরপুরঢাকা মহানগর ১ম ইনিংস: ৪৭.২ ওভারে ২০৫ (আসিফ ৮৬, তারেক ১৯; শাহাদাত ৫/৫১, মাহমুদউল্লাহ ২/৪২)। ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৩৪.২ ওভারে ১১৩/৭ (নুরুল ২৪*, শুভাগত ১৭; ইলিয়াস সানি ৪/৩৬)।চট্টগ্রাম-সিলেট, বিকেএসপিচট্টগ্রাম ১ম ইনিংস: ৭৭.৫ ওভারে ৩৬৭ (তামিম ১৮৩, মিলিন্দা ৬৪, আফতাব ৩১, ফয়সাল ৩০; এনামুল জুনিয়র ৬/৯৮, নাজমুল ২/৪৫, হাসান ২/৫৬)। সিলেট ১ম ইনিংস: ৫.৩ ওভারে ১০/১ (সাকের ১০*; মিলিন্দা ১/৪)। রাজশাহী-বরিশাল, রাজশাহীরাজশাহী ১ম ইনিংস: ৮৭ ওভারে ৩১০/১ (মিজানুর ১৪৮, জুনায়েদ ১৩৭*, জহুরুল ১৬*; মনির ১/৫৯)। খুলনা-রংপুর, খুলনারংপুর ১ম ইনিংস: ৯০ ওভারে ২৮৪/৭ (নাঈম ১০৯*, ধীমান ৫৪, নাসির ৪৮; রাজ্জাক ৩/৬৪, জিয়াউর ২/১৫, সাকিব ২/৭৩)।