রেকর্ডে আগ্রহ নেই কারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবনে টাঙানো মোল্লা সাবিরা সুলতানা, মাবিয়া আক্তার সীমান্তদের বিশাল বিশাল ছবি। রঙিন বেলুন আর টবে বসানো ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে পুরো এলাকা। গত জুনে সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদের বিদায়ের পর নতুন কমিটি দায়িত্ব নিয়ে প্রথম আয়োজন করেছে ৩৫তম পুরুষ ও ১২তম মহিলা জাতীয় ভারোত্তোলন। বাইরের চাকচিক্য দিয়ে আয়োজন আকর্ষণীয় করার চেষ্টা হয়েছে বটে, কিন্তু ভেতরে অংশ নেওয়া ভারোত্তোলকদের যেন এসবের কিছুই টানছে না! এর কারণও আছে—এবার রেকর্ড গড়ার জন্য উৎসাহব্যঞ্জক কোনো আর্থিক পুরস্কার নেই। কমেছে সেরা ভারোত্তোলকের অর্থ পুরস্কারও।
গত জাতীয় ভারোত্তোলনেও প্রতিটি ইভেন্টে রেকর্ড গড়লে পাঁচ হাজার করে টাকা পেতেন ভারোত্তোলকেরা। œস্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড গড়লে সব মিলিয়ে ১৫ হাজার টাকা পেতেন। এর সঙ্গে সেরা ভারোত্তোলকের জন্য মিলত ১০ হাজার টাকা। কিন্তু এবার রেকর্ডে টাকা নেই, শুধু সেরা ভারোত্তোলক পাবেন পাঁচ হাজার টাকা।
সারা বছর অনুশীলনের পর একটি মাত্র প্রতিযোগিতার দিকে চেয়ে থাকেন ভারোত্তোলকেরা। ফেডারেশনের এমন সিদ্ধান্তে তাই ভীষণ হতাশ এসএ গেমসে সোনাজয়ী মাবিয়া, ‘আমরা রেকর্ড গড়ার জন্যই খেলতে নামি। কিন্তু আমাদের সেই উৎসাহের জায়গাটা হারিয়ে গেছে এবার। ভাবছি রেকর্ড না গড়ে শুধু সোনা জয়ের লক্ষ্যেই এবার খেলব।’
পুরস্কারের অর্থ কমেছে। অথচ এবারের জাতীয় ভারোত্তোলনের জন্য বাজেট রাখা হয়েছে ১৭ লাখ টাকা। প্রতিযোগিতা আকর্ষণীয় করতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে ফেডারেশন। অবশ্য সোনা জিতলে তিন হাজার, রুপা দুই হাজার ও ব্রোঞ্জজয়ীদের এক হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। ফেডারেশনের যুগ্ম সম্পাদক শাহজালাল মুকুল বলেন, ‘আমরা খুব স্বল্প সময়ে এই আয়োজন করেছি। আমাদের যে আর্থিক সংগতি রয়েছে, এর সঙ্গে সমন্বয় করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’
প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা মিলিয়ে ১৮টি ওজন শ্রেণিতে অংশ নিচ্ছে ৭৫টি ক্লাব।