রেকর্ডে উজ্জ্বল স্পেন
টানা দুটি ইউরো জেতা প্রথম দল স্পেন। দুই ইউরোর মাঝে আছে বিশ্বকাপ শিরোপাও—এই টানা ত্রিমুকুটও ফুটবল ইতিহাসে প্রথম। পরশুর সাফল্যে সর্বোচ্চ তিনবার ইউরো জয়ের জার্মানির রেকর্ডেও ভাগ বসাল স্পেন। ইতালির বিপক্ষে ৪-০ গোলে স্পেনের জয় ইউরো চ্যাম্পিয়নশিপ বা বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয়। জার্মানির হেলমুট শোনের পর বিশ্বকাপ ও ইউরো জেতা দ্বিতীয় কোচ স্পেনের ভিসেন্তে দেল বস্ক। পশ্চিম জার্মানিকে ১৯৭২ ও ১৯৭৪ ইউরো ও বিশ্বকাপ জিতিয়েছিলেন শোন। পরশুর ফাইনালে ইতালির বিপক্ষে বিশ্বকাপ বা ইউরোতে ৮ ম্যাচে স্পেনের প্রথম সরাসরি জয়। ২০০৮ ইউরোর পর এবারের ফাইনালেও ফার্নান্দো তোরেসের গোল—দুটি ফাইনালে গোল করা একমাত্র ফুটবলার এখন স্প্যানিশ এই স্ট্রাইকার। ফাইনালসহ ইউরো চ্যাম্পিয়নশিপে টানা ১২ ম্যাচে অপরাজিত স্পেন। সর্বশেষ পাঁচ ম্যাচে গোল খায়নি একটিও। দুটিই ইউরোর নতুন রেকর্ড। ইউরো এবং বিশ্বকাপের নকআউট পর্বের শেষ ১০ ম্যাচে স্পেনের জালে বল যায়নি। ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের সর্বশেষ পরাজয় ২০০৬ সালে বাছাইপর্বে সুইডেনের বিপক্ষে। ওই ম্যাচের পর থেকে ২৯ ম্যাচে অপরাজিত স্পেন। এ নিয়ে তৃতীয়বার প্রথমার্ধেই এক দলের দুই গোল দেখল ইউরোর ফাইনাল। ১৯৬৮ ইউরোর ফাইনালে যুগোস্লাভিয়ার বিপক্ষে ইতালি ২-০ এবং ১৯৭৬-এ পশ্চিম জার্মানির বিপক্ষে চেকোস্লোভাকিয়া ২-১ গোলে এগিয়ে গিয়েছিল প্রথমার্ধে। ইউরো এবং বিশ্বকাপ মিলিয়ে তিনটি ফাইনালে দলকে নেতৃত্ব দিলেন স্পেনের ইকার ক্যাসিয়াস। এই কৃতিত্ব আছে আর একজনেরই—ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (১৯৭২-৭৬)। প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে শততম জয়ের স্বাদ পেলেন ক্যাসিয়াস। এটি ছিল তাঁর ১৩৬তম ম্যাচ, ৭৯তম বারের মতো অক্ষত থাকল তাঁর গোলপোস্ট। ১৯২০ সালের পর প্রতিযোগিতামূলক ম্যাচে ইতালির বিপক্ষে এটি স্পেনের প্রথম জয়। সূত্র: রয়টার্স