রেকর্ডে ওল্ড ট্রাফোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুরু বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট দিয়ে দুই বছর পর ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে বসছে টেস্ট ক্রিকেট। এটি এই মাঠের ৭৩তম টেস্ট, অ্যাশেজের একটি টেস্ট দিয়ে যাত্রা শুরু হয়েছিল ১৮৮৪ সালে। এই মাঠের চেয়ে বেশি টেস্ট হয়েছে মাত্র চারটি মাঠে—লর্ডস (১১৯), মেলবোর্ন (১০২), সিডনি (৯৮) ও ওভালে (৯২)। এই দীর্ঘ ইতিহাসে এখনো ৭০০ রানের কোনো ইনিংস দেখেনি ওল্ড ট্রাফোর্ড, ১৯৬৪ সালের অ্যাশেজে ববি সিম্পসনের ট্রিপল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৮ উইকেটে ৬৫৬ রানই সর্বোচ্চ। ছয় শই হয়েছে আর মাত্র দুবার, দুবারই করেছে ইংল্যান্ড। সবচেয়ে বেশি রান ডেনিস কম্পটনের, ৮ ম্যাচে ৮১৮। মাত্র চারটি টেস্ট খেলেই সর্বোচ্চ ৩ সেঞ্চুরি গর্ডন গ্রিনিজের, ৩টি করে সেঞ্চুরি আছে কম্পটন ও অ্যালেক স্টুয়ার্টেরও। এই মাঠেই এক টেস্টে ১৯ উইকেট নিয়েছিলেন জিম লেকার, তবে বাকি চার টেস্টে নিতে পেরেছেন মাত্র ৮টি। মাত্র ৭ ম্যাচ খেলেই সবচেয়ে বেশি ৫১ উইকেট স্যার অ্যালেক বেডসারের।