রেকর্ডে চোখ ফেদেরারের
২০০৩ সালে উইম্বলডন দিয়ে গ্র্যান্ড স্লাম জয়ের অভিযান শুরু। সেই থেকে এ বছরই কোনো গ্র্যান্ড স্লাম তাঁর হাতে ওঠেনি। তবে হতাশার এ বছরটা রজার ফেদেরার শেষ করতে চান রেকর্ড গড়ে। আজ শুরু লন্ডনে বছরের সর্বশেষ টুর্নামেন্ট এটিপি বিশ্ব ট্যুর ফাইনালসে বিশ্বের চার নম্বর খেলোয়াড় নামছেন রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে।গ্র্যান্ড স্লামের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ তারকার এই টুর্নামেন্টও ফেদেরার প্রথম জেতেন ২০০৩ সালে। পরে ২০০৪, ২০০৬, ২০০৭ ও ২০১০ সালের শিরোপা জিতে পাশে বসেছেন সর্বোচ্চ ৫ বার করে শিরোপা জেতা ইভান লেন্ডল ও পিট সাম্প্রাসের পাশে। এই দুই মার্কিন কিংবদন্তিকে টপকে ফেদেরারের রেকর্ডটি একার করে নেওয়ার সুযোগ তাঁর। ফেদেরার বলছেন, ‘ষষ্ঠবারের মতো শিরোপা জেতাটা হবে বিস্ময়কর।’কিন্তু বয়স তাঁর ৩০, ৮ জনের টুর্নামেন্টে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় তিনি। ২০০৩-এর পর ফেদেরার এই প্রথম লন্ডনের টুর্নামেন্টেও খেলছেন র্যাঙ্কিংয়ের নিচে থেকে। বড় দুশ্চিন্তার কারণ হয়ে থাকছেন বছরের চার গ্র্যান্ড স্লামের তিনটিই জেতা নোভাক জোকোভিচ। চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল তো আছেনই।টুর্নামেন্টে এই প্রথম একই গ্রুপে নাদাল-ফেদেরার। আগের মুখোমুখি ২৫ সাক্ষাতের একবারই মাত্র (২০০৪ সালে মিয়ামিতে) সেমিফাইনাল-ফাইনালের আগে দেখা হয়েছিল দুজনের। র্যাঙ্কিংয়ের মতো মুখোমুখি দ্বৈরথেও এগিয়ে বিশ্বের দুই নম্বর খেলোয়াড় নাদাল। ২৫ সাক্ষাতের ১৮টিতেই জিতেছেন এই স্প্যানিয়ার্ড। ফেদেরার জিতেছেন মাত্র সাতবার। এ বছরের তিন ম্যাচেই জয়ী নাদাল। ফেদেরারের মতো তাঁরও চাওয়া, বছরটা শেষ হোক সুন্দরভাবে।কিন্তু ফেদেরারের কথা, ‘রাফার সঙ্গে একই গ্রুপে পড়াটা আমার জন্য বিশেষ কিছু। রাফার বিপক্ষে খেলাটা আমি সব সময়ই উপভোগ করি।’ ‘বি’ গ্রুপে আরও আছেন ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গা ও মার্ডি ফিশ। আজ প্রথম দিনে ফেদেরারের সামনে সোঙ্গা, নাদালের মুখোমুখি ফিশ।‘এ’ গ্রুপে শীর্ষ তারকা জোকোভিচের সঙ্গী অ্যান্ডি মারে, ডেভিড ফেরার ও টমাস বার্ডিচ। বছরজুড়ে জোকোভিচের অসাধারণ পারফরম্যান্স অন্য কিছু বলছে। কিন্তু সম্ভাবনায় ফেদেরারও এতটুকু পিছিয়ে নেই। বছরটি যেমনই যাক, ‘সুইস মাস্টার’ লন্ডনে এসেছেন বাসেল ও প্যারিসে টানা দুই শিরোপা জিতে, ২০০৬ সালের পর এমন সাফল্য তাঁর এই প্রথম! রয়টার্স।