রেকর্ডের আলোয় রঙিন রিয়াল
শিরোপা জয়ের উৎসবটা রিয়াল মাদ্রিদ করেছে দুই ম্যাচ আগেই। তবে উদ্যাপনের আসল চমকটা যেন লস ব্লাঙ্কোস জমিয়ে রেখেছিল শেষ দিনটির জন্য! ‘চ্যাম্পিয়ন’-এর আনুষ্ঠানিক ঘোষণা এবং ট্রফি হাতে না পেলে কি আর উৎসব জমে! পরশু দুটিই একসঙ্গে পাওয়ার দিনে রিয়ালের উদ্যাপনটা হলো অবিস্মরণীয়।দুই ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত। রোনালদো-বেনজেমা-হিগুয়েইনদের ‘জিতে গেছি’ আত্মতুষ্টিতে ভেসে যাওয়ার অবকাশ ছিল। কিন্তু মরিনহো শিষ্যদের আত্মতুষ্টিতে ভাসতে দেননি। বিস্ময়কর যাত্রার শেষটা তিক্ততায় হোক, রিয়াল কোচ তা চাননি। খেলোয়াড়দের কঠোর শাসনে রেখে মরিনহো তাই শেষ ম্যাচটিতেও মাঠে নামান সেরা একাদশ।রোনালদো-ওজিলরাও ‘শিরোপা মিশনের’ সমাপ্তিটা সেভাবেই টানলেন। পরশু শেষ ম্যাচে মায়োর্কার বিপক্ষে রিয়াল জিতেছে ৪-১ গোলে। মেসুত ওজিল ২টি, রোনালদো, বেনজেমা করেছেন একটি করে গোল। মিশন শেষ হলো একরাশ রেকর্ড গড়ে। তিন মৌসুম পর শিরোপা, ব্যতিক্রমী উদ্যাপনের অংশীদার করতে টুইটারে তাই আহ্বান জানানো হয়েছিল সবাইকে সাদা জার্সি পরে আসার জন্য। ‘গুরুবাক্য’ মেনেই যেন এসেছিল রিয়াল সমর্থকেরা। সান্তিয়াগো বার্নাব্যু ছিল এক টুকরো ‘সাদাসমুদ্র’। ম্যাচ শেষ হতেই বাতি নিভিয়ে সাদাসমুদ্রকে ঢেলে ফেলা হয় অন্ধকারে। লেজারের মিটি মিটি আলোয় সাদা পতাকা নেড়ে মাঠে ঢোকেন রিয়ালের একাডেমির তরুণ খেলোয়াড়েরা। মাঠের ঠিক মাঝখানটায় ছিল বিশাল এক অস্থায়ী মঞ্চ। মঞ্চে প্রবেশের পথ আলোকিত করা হয় রিয়ালের ৩২ লিগ শিরোপার ৩২টি সাদা রেপ্লিকা বসিয়ে।সবার আগে মঞ্চে আসেন সংগীতশিল্পী রাসেল ডমিঙ্গো ‘মাদ্রিদিস্তা’ গানটি শুরু করতেই আবেগে কেঁপে ওঠে সান্তিয়াগোর সাদাসমুদ্র। কাঁপা কণ্ঠে কণ্ঠ মেলায় সমর্থকেরাও। গান শেষে রিয়ালের ‘সি’ দল, ‘বি’ দলের প্রতিনিধিসহ একে একে মঞ্চে উঠে আসেন রিয়ালের শিরোপা-সারথিরা। সবার শেষে কোচ হোসে মরিনহো। মঞ্চে ওঠার আগে মরিনহো যা করলেন, এক কথায় অবিশ্বাস্য! মাটিতে মাথা নুইয়ে কুর্নিশ জানালেন রোনালদো-রামোস-ক্যাসিয়াসদের। মরিনহো পরে ভাসিয়েছেন প্রশংসায়ও। এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ, সান্তিয়াগোর সাদাসমুদ্রে করতালির গর্জনের মধ্যে সতীর্থ রামোসকে সঙ্গে নিয়ে ট্রফি উঁচিয়ে ধরেন অধিনায়ক ইকার ক্যাসিয়াস। পরে ট্রফি হাতে নিয়ে চলে বাঁধভাঙা উল্লাস।উৎসব হয়তো সপ্তাহ খানেক পরই থেমে যাবে। কিন্তু ৩২ নম্বর লিগ শিরোপার পথে মরিনহোর দলের বাড়তি কীর্তিগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। পরশুর ৩ পয়েন্টে রিয়ালের পয়েন্ট হলো ১০০। লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্টের মাইলফলক ছোঁয়ার কীর্তি গড়ল রিয়াল। এর আগে সর্বোচ্চ ৯৯ পয়েন্ট নিয়ে লিগ জিতেছিল বার্সেলোনা, ২০০৯-১০ মৌসুমে।শুধু এটাই নয়, ৩৮ ম্যাচের ৩২টিই জিতে নিয়েছে মরিনহোর দল, যা লিগে এক মৌসুমে সর্বোচ্চ জয়ের রেকর্ড। হোম ও অ্যাওয়ে—দুই ক্ষেত্রেই সমান ১৬টি করে জয়। সঙ্গে এক মৌসুমে সর্বোচ্চ ১২১ গোলে রোনালদোর ৪৬টি। লিওনেল মেসির চেয়ে ৪টি কম বটে; তবে রোনালদো গড়েছেন প্রথম খেলোয়াড় হিসেবে সব প্রতিপক্ষের বিপক্ষে গোল করার অনন্য রেকর্ড।অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে অবনমনের খড়্গে কাটা পড়েছে গত মৌসুমে ইউরোপা লিগের সেমিফাইনালে খেলা ভিয়ারিয়াল। আগেই অবনমন নিশ্চিত হওয়া স্পোর্টিং গিজনকে ১-০ গোলে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার ছাড়পত্র পেয়েছে মালাগা। এএফপি।