রেকর্ডের গল টেস্ট
টেস্ট ডাবল সেঞ্চুরি পাওয়া দ্বিতীয় উইকেটকিপার-অধিনায়ক বাংলাদেশের মুশফিকুর রহিম। গত মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাই টেস্টে প্রথম উদাহরণটি গড়েছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি (২২৪)। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল সেঞ্চুরি পাওয়া দ্বিতীয় অধিনায়ক মুশফিক। ২০০৩ সালে কলম্বোর পি সারায় নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং করেছিলেন অপরাজিত ২৭৪। বাংলাদেশের ৬৩৮ রান গলেও সর্বোচ্চ দলীয় স্কোর। বাংলাদেশ টপকেছে ২০০০ সালে করা পাকিস্তানের ইনিংস (৬০০/৮ ডি.)। শ্রীলঙ্কার মাটিতে সফরকারী দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসও এটি। সর্বোচ্চ ৭০৭ রান করেছিল ভারত ২০১০ সালে কলম্বোর এসএসসিতে। শ্রীলঙ্কার মাটিতে পঞ্চম সর্বোচ্চ ইনিংস এটি। সর্বোচ্চ ইনিংসটি শ্রীলঙ্কারই। ১৯৯৭ সালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৬ উইকেটে ৯৫২ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল লঙ্কানরা। ইনিংসটি এখনো সর্বোচ্চ টেস্ট রানের বিশ্ব রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সপ্তম সর্বোচ্চ ইনিংস বাংলাদেশের ৬৩৮। সর্বোচ্চ ইনিংসটি পাকিস্তানের (৭৬৫/৬ ডি., করাচি, ২০০৯)। রানের মতো ওভারের হিসাবেও এটি বাংলাদেশের দীর্ঘতম। এর আগে দীর্ঘতম ইনিংসটি ছিল ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে ১৫৩.৩ ওভারের। এই প্রথম বাংলাদেশের তিন ব্যাটসম্যান একই ইনিংসে সেঞ্চুরি পেলেন। এর আগে ইনিংসে দুটি সেঞ্চুরি একবারই করেছিলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। ২০০৪ সালে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন হাবিবুল বাশার (১১৩) ও মোহাম্মদ রফিক (১১১)। এই প্রথম এক ইনিংসে তিনটি শতরানের জুটি দেখল বাংলাদেশ। এর আগে ইনিংসে সর্বোচ্চ দুটি শতরানের জুটি পেয়েছে বাংলাদেশ। সেটাও হয়েছে চারবার। ১৬১ রান দিয়েছেন রঙ্গনা হেরাথ, ১৫২ রান অজন্তা মেন্ডিস। টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডে প্রথম ও দ্বিতীয় স্থানে এই দুই শ্রীলঙ্কান স্পিনার। ওঁরা পেছনে ফেলেছেন চার মাস আগে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনের ১৪৮ রানকে। ৬২ ওভার বল করেছেন হেরাথ। বাংলাদেশের বিপক্ষে এটা সবচেয়ে বেশি ওভার বোলিং করার রেকর্ড। ইংল্যান্ডের গ্রায়েম সোয়ানের দখলে ছিল আগের রেকর্ডটি (৪৯ ওভার, চট্টগ্রাম, ২০১০)। এই প্রথম এক ম্যাচে ছয়টি সেঞ্চুরি দেখল গল। আজ আর মাত্র ১৬৫ রান হলেই ভেঙে যাবে শ্রীলঙ্কার মাটিতে কোনো টেস্টে মোট রানের পুরোনো রেকর্ডটি। ১৯৯৭ সালে ভারত-শ্রীলঙ্কার সেই ঐতিহাসিক ম্যাচে হওয়া ১৪৮৯ রানই এখন পর্যন্ত সর্বোচ্চ। চলমান গল টেস্টে প্রথম চার দিনে এ পর্যন্ত রান হয়েছে ১৩২৪।