রেকর্ডের জন্য হাপিত্যেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর সুইমিং কমপ্লেক্সের ভিআইপি গ্যালারির সিঁড়ি থেকে সদর দরজা পর্যন্ত লালগালিচা পাতা। প্রধান অতিথি আসবেন, তাঁকে স্বাগত জানাতে সেকি ব্যস্ততা কর্মকর্তাদের! এখানে-সেখানে টাইলস ওঠা পুলের চারপাশে সার বেঁধে দাঁড়ানো সাঁতারুরা অপেক্ষায়। আনুষ্ঠানিকতায় খামতি নেই, কিন্তু প্রাইম ব্যাংক ২৫তম জাতীয় সাঁতার যেন নিষ্প্রাণ।সকালে সাঁতার দেখতে আসা কোরিয়ান কোচ পার্ক তে গুনকে বিকেলে খুঁজে পাওয়া গেল না। তবে সাঁতারে পাওয়া গেল রুবেল রানা, শাজাহান আলী (রনি), ডলি আক্তার, লাবনী আক্তারের (জুঁই) মতো সেই পুরোনো মুখগুলোই। প্রথমবারের মতো সন্তানসম্ভবা বলে অংশ নিচ্ছেন না সবুরা খাতুন। প্রথম দিনের ১২টি ইভেন্ট জাতীয় রেকর্ডের জন্য হাপিত্যেশ করল। শেষ বিকেলে একটা রেকর্ড হলো ২০০৪ সালে সাফ গেমসে সোনাজয়ী রুবেল রানার সৌজন্যে। নৌবাহিনীর হয়ে অন্য তিন সতীর্থ মাহফিজুর, জুয়েল ও নজরুলকে নিয়ে ৪–১০০ মিটারের রিলেতে রেকর্ড গড়তে (৩ মিনিট ৪২.৩০ সেকেন্ড) সবার শেষে রুবেলই সাঁতরেছেন সবচেয়ে দ্রুততায়। রিলে ছাড়াও ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতেছেন রুবেল রানা। মেয়েদের বিভাগে পুল মাতিয়েছেন সোনিয়া আক্তার। ২০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার ব্যাকস্ট্রোক, ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে এবং ৪–১০০ মিটার রিলেতে অংশ নিয়ে চারটিতেই সোনা জিতেছেন আনসারের সাঁতারু। প্রথম দিনে সোনা জিততে পারেনি বিকেএসপি। কাল ইলেকট্রনিক স্কোর বোর্ড চালু দেখিয়ে ‘আইওয়াশ’ করা হলো। কিন্তু সময় ধরা হলো হ্যান্ড টাইমিংয়েই।গত বছর জাতীয় সাঁতারে রেকর্ড হয়েছিল ২৩টি। কিন্তু এবার অত রেকর্ড হওয়ার সম্ভাবনা খুবই কম। এ ব্যাপারে সাঁতার কোচ আমিরুল ইসলামের ব্যাখ্যা, ‘গত বছর এসএ গেমসের কারণে সাঁতারুরা অনুশীলনের মধ্যে ছিল সারা বছর। এবার অনুশীলন কম হয়েছে। সাঁতারে অনুশীলন বেশি না হলে ফলাফল তো এমন হবেই।’ তবে অনুশীলনের সঙ্গে আরও একটি বিষয় দেখেন রুবেল রানা, ‘এমন রুটিন মাফিক দু-একটি প্রতিযোগিতার বাইরে আর কিছুই হচ্ছে না। ফেডারেশন যদি ক্লাবভিত্তিক সাঁতার লিগের আয়োজন করত তাহলে পারফরম্যান্সের উন্নতি হতো।’প্রথম দিনে ৬টি সোনা ও ৪টি রুপা জিতে শীর্ষে আনসার। ৫টি সোনা ও ৩টি রুপা জেতা নৌবাহিনী দ্বিতীয়। তৃতীয় সেনাবাহিনীর ১টি সোনা, ৩টি রুপা ও ৪টি ব্রোঞ্জ।