রেকর্ডের দর্শক রুবেল রানারা
দিনের ৫টি ইভেন্ট শেষ। শেষ পতাকা উত্তোলনপর্ব, পদক বিতরণ এবং অন্য আনুষ্ঠানিকতাও। সাঁতারপুলের আশপাশে কোথাও দেখা গেল না কোচ পার্ক তে গুনকে। মনের দুঃখে ততক্ষণে নিশ্চয়ই টিম হোটেলে চলে গেছেন এই কোরিয়ান! দিনের ইভেন্ট শুরুর আগে বলেছিলেন, ছেলেদের পারফরম্যান্সে উন্নতি হচ্ছে। কিন্তু পুলে যা দেখা গেল তাতে বাংলাদেশ যদি সিঁড়ি ভেঙে ওপরে ওঠে, তাহলে অন্যরা উঠছে লিফটে!সাঁতারের প্রথম দিনে ৩টা রুপা পাওয়া গিয়েছিল। কিন্তু দ্বিতীয় দিনটা কাটল চূড়ান্ত হতাশায়। ৫টি ইভেন্ট থেকে বাংলাদেশ পেল ৩টি ব্রোঞ্জ।অথচ ছেলেদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে মাহফিজুর রহমান ও মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনিয়া আক্তারের দিকে বিশেষ দৃষ্টি ছিল দিনের শুরুতে। দুজনই হতাশ করেছেন। ২৪.৫৩ সেকেন্ড সময় নিয়ে ৫০ মিটার ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ জিতেছেন মাহফিজুর। ১০০ মিটার বাটারফ্লাইয়ে চতুর্থ হয়েছেন (১ মিনিট ১১.৮৬ সেকেন্ড) সোনিয়া। ৫০ মিটার বাটারফ্লাইয়ে ব্রোঞ্জ (২৬.৬১ সেকেন্ড) অনিক ইসলামের। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জিতেছেন এই ইভেন্টেই ইসলামাবাদ ২০০৪ গেমসে সোনাজয়ী রুবেল রানা। দক্ষিণ এশীয় গেমস থেকে এ পর্যন্ত ১টি সোনা ও ৪টি ব্রোঞ্জজয়ী সাঁতারুর ভরসা এখন ৫০ মিটার ব্যাকস্ট্রোক। সোনা জেতার আশা তিনি ছাড়েননি, ‘এই ইভেন্টে শুরুটা ভালো করতে হবে। যার শুরু ও আন্ডারওয়ার্ক ভালো হবে সেই এতে ভালো করবে। আমি আশাবাদী, ইনশাআল্লাহ্ সোনা জিতব।’যথারীতি ভারতেরই চলছে ‘গোল্ড রাশ’। আগের দিন গেমস রেকর্ড হয়েছিল তিনটি ইভেন্টে। কাল হলো আরও চারটি। ৪০০ মিটার ফ্রি-স্টাইলে নতুন রেকর্ড গড়ে সোনা জিতেছেন ভারতের গগন উল্লালমাথ (৪ মিনিট ৪.৮৫ সেকেন্ড)। আগেরটি ২০০৬ কলম্বো গেমসে করেছিলেন ভারতের রেহান পঞ্চা (৪ মিনিট ৫.৯৪ সেকেন্ড)। এই ইভেন্টে রুপা ভারতের মান্দার দিভাসের, ব্রোঞ্জ পাকিস্তানের ইসরার হুসেইনের। ৫০ মিটার ফ্রি-স্টাইলেও নতুন রেকর্ড গড়ে জিতে নিয়েছে ভারত। স্বদেশি সেবাস্তিয়ান জেভিয়ারের রেকর্ড ভেঙে (২৩.৮৯ সে.) এটি গড়েছেন ভিরদাওয়াল বিক্রম খাড়ে (২৩.৭৩ সেকেন্ড)। এই ইভেন্টে রুপা ভারতের অরুণ অ্যাঞ্জেল ডি সুজার ও ব্রোঞ্জ মাহফিজুর রহমানের। মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে ভারতের রিচা মিশ্র সোনা জিতেছেন, রুপা সতীর্থ বন্দিতা দাড়িয়ালের, ব্রোঞ্জ শ্রীলঙ্কার মিনিরুবানি শশীপ্রভার। স্বদেশি অ্যান্ড্রু অভিসিংহের রেকর্ড ভেঙে (১ মি. দশমিক ১১ সে.) ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়ে সোনার পদক গলায় তুলেছেন শ্রীলঙ্কার হিশান বান্দারা (৫৮.৯৮ সে.)। রুপা ভারতের বালাকৃষ্ণ বদ্রিনাথের, ব্রোঞ্জ বাংলাদেশের রুবেল রানার। দিনের শেষ ইভেন্ট ছিল ছেলেদের ৫০ মিটার বাটারফ্লাই। এখানেও রেকর্ড গড়েছেন ভিরদাওয়াল বিক্রম খাড়ে। ২৫.৫৪ সেকেন্ড সময় নিয়ে গত এসএ গেমসে করা নিজেরই রেকর্ড (২৫.৯৭ সেকেন্ড) ভেঙেছেন তিনি। এই ইভেন্টে রুপা ভারতের অর্জুন মুরালিধরনের, ব্রোঞ্জ বাংলাদেশের অনিক ইসলামের।