রেকর্ডের পথে বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক হালি গোল হয়ে গেল বায়ার্ন মিউনিখের, আরিয়েন রোবেনের (বাঁয়ে) দুটি। সতীর্থ থিয়াগোর সঙ্গে তাই এমন উচ্ছ্বাসে ভেসে যাওয়া! পরে হ্যাটট্রিক হয়েছে রোবেনের, পরশু শালকের জালে বায়ার্ন দিয়েছে পাঁচটি,  এএফপি
এক হালি গোল হয়ে গেল বায়ার্ন মিউনিখের, আরিয়েন রোবেনের (বাঁয়ে) দুটি। সতীর্থ থিয়াগোর সঙ্গে তাই এমন উচ্ছ্বাসে ভেসে যাওয়া! পরে হ্যাটট্রিক হয়েছে রোবেনের, পরশু শালকের জালে বায়ার্ন দিয়েছে পাঁচটি, এএফপি

গত মৌসুমে নিজেদেরই গড়া রেকর্ডটা ভেঙে দেওয়ার লক্ষ্যে আরেক ধাপ এগোল বায়ার্ন মিউনিখ। পরশু নিজেদের মাঠে বায়ার্ন আরিয়েন রোবেনের হ্যাটট্রিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে শালকেকে। লিগে এটা বায়ার্নের টানা ১৫তম জয়, ৪৮ ম্যাচে তারা অপরাজিত।

ম্যাচের ৬টি গোলই আসলে করেছেন বায়ার্নের খেলোয়াড়েরা! শালকের সান্ত্বনার গোলটি বায়ার্নের ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফিনহার আত্মঘাতী। তাদের বাকি গোল দুটি করেছেন ডেভিড আলাবা ও মারিও মানজুকিচ। শালকের পোস্টে ছুটছে গোলের ধারা, গত বুধবার নিজেদের মাঠে ৬-১ গোলে হেরেছে তারা রিয়াল মাদ্রিদের কাছে।

গত মৌসুমে বায়ার্ন শিরোপা জিতেছিল ৬ ম্যাচ বাকি থাকতেই, বুন্দেসলিগার ইতিহাসে যা সবচেয়ে বেশি ম্যাচ হাতে রেখে শিরোপা জয়। পরশুর জয়ে এবার ২৩ ম্যাচেই হলো ৬৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে পেপ গার্দিওলার দল ২০ পয়েন্টে এগিয়ে গেল! ডর্টমুন্ড ৩-০ গোলে হারিয়েছে নুরেমবার্গকে। ম্যাচ শেষে হ্যাটট্রিক নায়ক রোবেনের প্রতিক্রিয়া, ‘ম্যাচ বলটা পেয়ে আমার ছেলেরা উপভোগ করবে। আমার সন্তানেরাই আমার সবচেয়ে বড় সমর্থক।’ এএফপি।