রেকর্ডের পাতায়
শ্রীলঙ্কার স্কোরের চেয়ে বেশি রান করেছেন দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটসম্যান—আমলা (১১২), ক্যালিস (৭২) ও ডি ভিলিয়ার্স (৫২)। তিন ব্যাটসম্যানের ব্যক্তিগত রান প্রতিপক্ষের ইনিংসের চেয়ে বেশি হয়েছে আর একবারই। ২০০৩ বিশ্বকাপে পচেফস্ট্রুমে নামিবিয়া করেছিল ৪৫, অস্ট্রেলিয়ার ৩০১ রানে হেইডেন করেছিলেন ৮৮, সাইমন্ডস ৫৯, লেম্যান ৫০*। ওয়ানডেতে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর এই ৪৩। সব দল মিলিয়ে এর চেয়ে কম রানের ইনিংস আছে জিম্বাবুয়ে (৩৫), কানাডা (৩৬) ও জিম্বাবুয়ের (৩৮), তিনটিই শ্রীলঙ্কার বিপক্ষে। কানাডার ৩৬ ছিল আবার পরশুর ভেন্যু পার্লেই! ২৫৮ রানে হেরেছে শ্রীলঙ্কা। রানের হিসাবে এর চেয়ে বড় ব্যবধানে হার আছে আর দুটি—২০০৮ সালে নিউজিল্যান্ডের কাছে আয়ারল্যান্ড হেরেছিল ২৯০ রানে, গত বছর দক্ষিণ আফ্রিকার কাছে ২৭২ রানে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার দুই ওপেনারই শূন্য রানে আউট হলেন মাত্র দ্বিতীয়বার। সব দল মিলিয়ে হলো ৩৫ বার। ৯ রানে ৫ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ওয়ানডেতে এর চেয়ে কম রানে ৫ উইকেট হারানোর ঘটনা আছে আর একটিই। সেটিও শ্রীলঙ্কার, ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে ৬ রানে পড়েছিল ৫ উইকেট। সবচেয়ে কম রানে ৬ উইকেট হারানোর রেকর্ডে দুইয়ে শ্রীলঙ্কা (১৩ রানে ৬)। ৩৬ রানের ইনিংসটির পথে ১২ রানে ৬ উইকেট হারিয়েছিল কানাডা। শততম ম্যাচে ৫ উইকেট পাওয়া দ্বিতীয় বোলার লাসিথ মালিঙ্গা (৫/৫৩)। গত আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষেই ৩১ রানে ৬ উইকেট পেয়েছিলেন মিচেল জনসন। শততম ম্যাচে ৪ উইকেট পেয়েছেন ওয়াকার ইউনুস (৪/৩২), শন পোলক (৪/৩৭) ও সাকিব আল হাসান (৪/৩৯)।