রেকর্ডের পাতায় এই জয়
এই প্রথম পূর্ণ শক্তির কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। কাল মিরপুরের জয়টি পরিসংখ্যানের নিরেট সংখ্যার হিসাবেও কিছু পরিবর্তন আনল। বাংলাদেশের পক্ষে বেশ কিছু মাইলফলক দেখেছে সিরিজের চতুর্থ ম্যাচটি। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ জয় পেল বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সবচেয়ে বেশি জয়। ৩টি জয় আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, দুটো করে জয় ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে। ২৪১ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। গত ফেব্রুয়ারিতে ক্রাইস্টচার্চেও সমান স্কোর (২৪১/৯) করেছিল বাংলাদেশ। পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি পেলেন সাকিব আল হাসান। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন তাঁরই। চারটি সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফীস। ৩টি করে সেঞ্চুরি মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবালের। সাকিবের ১০৬ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। দুই দল মিলিয়েও এটি সর্বোচ্চ ছিল। কিন্তু কালই ১০৮ রান করেন কেন উইলিয়ামসন। বলা বাহুল্য, নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের কোনো অধিনায়কের সর্বোচ্চ ইনিংস। চলতি সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৯ রানে। কালও ৯ রানেই জিতল বাংলাদেশ। এটাই রানের দিক দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে কম ব্যবধানের জয়। নবমবারের মতো ম্যাচ-সেরা হলেন সাকিব। এটাও বাংলাদেশের পক্ষে যৌথ সর্বোচ্চ রেকর্ড। মাশরাফিও ম্যাচ-সেরা হয়েছেন নয়বার। সাকিব-মাহমুদউল্লাহর ৬৮ রান ষষ্ঠ উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ জুটি।