রেকর্ডের বরপুত্রের আরেকটি রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইসব, ভাইসব, একটি বিশেষ ঘোষণা—শচীন টেন্ডুলকার আবার সেঞ্চুরি করেছেন!আশ্চর্যবোধক চিহ্নটা বাহুল্য মনে হচ্ছে। ঘোষণার আগে ‘বিশেষ’ শব্দটাও। টেন্ডুলকারের সেঞ্চুরি কি আর এখন ‘বিশেষ ঘোষণা’ দিয়ে জানানোর জিনিস! আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি যাঁর গলায় বরমাল্য হওয়ার অপেক্ষায়, তাঁর সেঞ্চুরি তো ম্যাচের আগে টস হওয়ার মতো রুটিন ব্যাপারে পরিণত অনেক দিনই।তার পরও এই সেঞ্চুরিটা ‘বিশেষ’। ওয়ানডেতে রান-সেঞ্চুরি-হাফ সেঞ্চুরি সব রেকর্ডই তাঁর। ওয়ানডের চূড়ান্ত রঙ্গমঞ্চ বিশ্বকাপেও। শুধু সেঞ্চুরির রেকর্ডটাতেই নিরঙ্কুশ অধিকার ছিল না। পঞ্চম সেঞ্চুরিতে রেকর্ডটা শুধুই তাঁর একার হয়ে গেল।টেন্ডুলকারের মতোই চারটি করে সেঞ্চুরি ছিল আরও তিনজনের। তাঁদের একজন এই বিশ্বকাপেও আছেন। রিকি পন্টিং। অস্ট্রেলিয়ারই আরেকজন মার্ক ওয়াহরও বিশ্বকাপে চার সেঞ্চুরি। পন্টিং-ওয়াহ দেখে থাকলেও টেলিভিশনে দেখেছেন টেন্ডুলকারের কীর্তি। চতুর্থজন দেখলেন মাঠে বসেই। কালকের ভারত-ইংল্যান্ড ম্যাচে তিনি ধারাভাষ্যকারের ভূমিকায়। সাবেক ক্রিকেটারদের প্রায় সবাই ‘এক্সপার্ট কলাম’ নামক মধুর স্বাদ পেয়ে গেছেন বলে ঘনিষ্ঠ সাংবাদিককেও ‘কোট’ দেওয়ার ব্যাপারে অনীহ। তার পরও সৌরভ গাঙ্গুলী একটা লাইন না বলে পারলেন না, ‘রেকর্ডটা যাঁর হওয়া উচিত, তাঁরই হলো।’রেকর্ডের বরপুত্রের আরেকটি রেকর্ড হলো। ১১৫ বলে ১২০ রান করে ফেরার সময় তার পরও কি হতাশ দেখাল টেন্ডুলকারকে? আউট হওয়ার পর ড্রেসিংরুমমুখী যাত্রায় সব ব্যাটসম্যানেরই শূন্যতার একটা অনুভূতি হয়। সেটি ডাবল সেঞ্চুরি করে আউট হলেও। টেন্ডুলকারেরটা তা হলে আলাদা করে বলার কী হলো? কারণ শুরুতে তাঁর ভাবভঙ্গি, সংযমের চাদরে মুড়ে রাখা ব্যাটিং দেখে সবার মনে হচ্ছিল, আজ তিনি ৫০ ওভার খেলার প্রতিজ্ঞা নিয়ে নেমেছেন।প্রথম ২৩ বলে করলেন মাত্র ১০ রান। শেবাগের ২৬ বলে ৩৫ রানে ৬টি চার। যখন আউট হয়ে ফিরছেন, টেন্ডুলকার ২১ বলে ১০, চার-টার মারেননি। টেন্ডুলকারের ব্যাটিংয়ে আগের সেই গা-ঝমঝম রোমাঞ্চটা নেই, এখন তিনি অনেক হিসাবি—ক্রিকইনফোতে আপডেট করা প্রোফাইলকে সত্যি প্রমাণ করতেই যেন নেমেছেন আজ।কিন্তু টেন্ডুলকারের ক্ষেত্রে কি কোনো পূর্বানুমানই খাটে? নিজেকে নিত্যনতুন করে আবিষ্কারের অপর নামই তো শচীন রমেশ টেন্ডুলকার। ওয়ানডেতে তাঁর ৪৭তম সেঞ্চুরিটিও সাক্ষী হয়ে থাকল এর। ২৩ বলে ১০। পরের ৩৩ বলে ৪২ রান করে ফিফটি। দ্বিতীয় ফিফটি এল মাত্র ৩৭ বলে। অ্যান্ডারসনের পরপর দুই বলে চার মেরে ১-২-এর বৃত্ত ভাঙলেন। তবে ‘যা বোঝার বুঝে নিয়েছি, এবার দ্যাখ কী করি’ ঘোষণাটা গ্রায়েম সোয়ানকে পাওয়ার পরই। ক্রিজ থেকে বেরিয়ে যে ড্রাইভটি করলেন, সোয়ান তাতে হাত লাগাতে পারলে এই ম্যাচে তাঁর আর বোলিং করা হতো না।পাঁচ ছক্কার প্রথম দুটি কলিংউডকে। বাকি তিনটি ঝড়ই গেছে সোয়ানের ওপর দিয়ে। প্রথম দুটি পরপর দুই বলে। দ্বিতীয় ড্রিংকস ব্রেকের পর সোয়ানের ওভারের প্রথম দুই বলই ওয়াইড লং অন ও মিড উইকেটের ওপর দিয়ে দর্শকদের মধ্যে ফেলার পর প্রেসবক্সে বসে দ্বারকানাথ সন্সগিরিকে প্রাণ খুলে হাসতে দেখলাম। কী ব্যাপার, সোয়ানের সঙ্গেও ঘটনা কিছু আছে নাকি টেন্ডুলকারের?ম্যাচ শুরুর আগেই টেন্ডুলকারের পরিবারের সবচেয়ে ঘনিষ্ঠ সাংবাদিক বলেছেন গল্পটা। বাংলাদেশে একবারই গেছেন। ১৯৯৮ ইনডিপেন্ডেন্স কাপে প্রতি ম্যাচের শুরুতেই টেন্ডুলকার-ঝড়ে স্মরণীয় হয়ে আছে সেই সফর। গল্পটা সেই টুর্নামেন্টেরই। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সাকলায়েন মুশতাকের ওভারের প্রথম দুই বলেই ডাউন দ্য উইকেট গিয়ে ছক্কা মেরেছিলেন টেন্ডুলকার। মুশতাক আহমেদের পরের ওভারে স্লগ সুইপ করে আরও দুটি। সন্সগিরি একটু বিস্মিত হয়েই পরে ঘটনা কী জানতে চান। শচীন তাঁকে বলেন, প্রথম বলেই ডাউন দ্য উইকেট যাবেন সাকলায়েন এটা ভাবতে পারবে না বুঝেই তিনি প্রথম ছক্কাটা মারেন। তা হলে দ্বিতীয়টা? শচীনের উত্তর, ‘পরের বলেও যে একই কাজ করব, এটাও ও ভাবতে পারবে না জানতাম।’ পরের ওভারেই মুশতাককেও যে একহাত নিলেন! টেন্ডুলকারের ঠান্ডা নির্বিরোধী চেহারার আড়ালে লুকিয়ে থাকা চ্যাম্পিয়নের আগুনটা বেরিয়ে এল উত্তরে। সাকলায়েনকে স্টেপ আউট করে ছক্কা মারার পর মুশতাক তাঁকে বলেছিলেন, ‘খুব তো ওকে মারছিস! পারলে আমাকে স্টেপ আউট করে মারিস তো!’ ব্যাটিংয়ের সময় শচীন সাধারণত এসব কথার জবাব দেন না। সেদিন দিয়েছিলেন, ‘তোকে স্টেপ আউট করে মারতে হবে নাকি, ক্রিজ থেকেই মারব।’ মেরেছিলেনও। সোয়ানও কি মুশতাকের মতো কিছু বলেছিলেন কাল?বলে থাকলেও সেটি জানতে অনেক দিন অপেক্ষা করতে হবে। মাঠের ব্যাপার মাঠেই রেখে আসার নীতিতে যে প্রবল বিশ্বাস টেন্ডুলকারের। সন্সগিরির মতো খুব ঘনিষ্ঠ কারও কাছে কখনো বলেন। তবে সেই বলাটাও হয় খুব নিরাবেগ, তাতে কোনো বাহাদুরি থাকে না। টেন্ডুলকার মানে তো শুধু রান আর সেঞ্চুরি নয়। টেন্ডুলকার মানে এই এত বছর পরও নিজেকে ক্রিকেটের বিনীত ছাত্রের বেশি মনে না করার অবিশ্বাস্য গল্পও।