রেকর্ডের ভিড়েও আফসোস
বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় উদ্বোধনী জুটি ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি যেকোনো উইকেটে ওয়ানডে ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ও বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ জুটি বিশ্বকাপে যেকোনো উইকেট জুটিতে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে উদ্বোধনী জুটিতে পাঁচটি ডাবল সেঞ্চুরি জুটির অংশীদার হলেন উপুল থারাঙ্গা বিশ্বকাপে এই প্রথম একই দলের দুই ওপেনারের সেঞ্চুরি এক জুটিতে ওয়ানডে ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ বলের মুখোমুখি, বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চপাহাড়ি শহর বলে ক্যান্ডিতে এমনিতে গরম খুব বেশি নেই। কিন্তু কাল যেন রোদের তেজ একটু বেশিই মনে হলো। এই রোদে ৪৫ ওভার ব্যাটিং, ক্লান্তি চলে আসারই কথা। ড্রেসিংরুমের শাওয়ারের বরফশীতল পানি নিশ্চয়ই টানছিল উপুল থারাঙ্গাকে। ক্লান্ত এক শট খেলে ধরা পড়লেন এলটন চিগুম্বুরার হাতে। থারাঙ্গার তাতে আর কী? উদ্বোধনী জুটির বিশ্ব রেকর্ডটিতে তো সনাৎ জয়াসুরিয়ার সঙ্গী তিনিই। ক্ষতি যা হওয়ার হলো তিলকরত্নে দিলশানের। মাত্র ৪ রানের জন্য ছোঁয়া হলো না বিশ্ব রেকর্ড।২৮২ রানের উদ্বোধনী জুটির পরও এক আফসোস থাকল ওই ৪ রানের জন্যই। অল্পের জন্য ছোঁয়া হয়নি আরেকটি রেকর্ডও। খুব বড় কোনো রেকর্ড নয়, ওয়ানডেতে এক জুটিতে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের ২৭৮ (নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৯৯ সালে ৩৩১ রানের জুটিতে), উদ্বোধনী জুটির রেকর্ড ফুয়াদ বাক্কাস ও ডেসমন্ড হেইন্সের ২৭১ (১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে)। জুটিতে কাল থারাঙ্গা-দিলশান ২৬৮ বল খেলেছেন। তবে বিশ্বকাপ রেকর্ড, দেশের রেকর্ড, ব্যক্তিগত—সব মিলিয়ে একগাদা রেকর্ড ঠিকই হয়েছে। এক জুটিতেই প্রাপ্তির সংখ্যা এত বেশি যে ওই দুটো আফসোস আর বড় হয়ে ওঠার কথা নয় দিলশানের। থারাঙ্গার তো নয়ই।তবে এসব রেকর্ড নয়, স্বস্তি-প্রশান্তি-আনন্দ যা-ই বলি, দুজনই বেশি পেয়েছেন কাল নিজ নিজ সেঞ্চুরিটির কারণেই। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরে যে দুজনেরই এটা প্রথম সেঞ্চুরি! গত বিশ্বকাপে খেলেছেন দুজনই। ১১ ম্যাচে তিনটি ফিফটিও ছিল থারাঙ্গার, কিন্তু বাকি ম্যাচগুলোতে এমনই বাজে অবস্থা যে শেষে গিয়ে গড় মাত্র ২৭। দিলশান ২০০৩ বিশ্বকাপে সুযোগই পাননি। ২০০৭ বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে পেয়েছেন একটি মাত্র ফিফটি।মাঝের চার বছরে অনেক পালাবদল হয়েছে দুজনের ক্যারিয়ারে। ২০০৯ সালের শুরুতে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে আসার পর ক্যারিয়ারের গ্রাফই বদলে গেছে দিলশানের। আগের ১৫২ ম্যাচে যাঁর একমাত্র সেঞ্চুরি ছিল হল্যান্ডের বিপক্ষে, ইনিংস শুরু করে পরের ২১ ম্যাচেই তাঁর ব্যাট থেকে এল ৫টি সেঞ্চুরি! ক্যারিয়ারের প্রথম ৩০ ইনিংসে ৬ সেঞ্চুরি করা থারাঙ্গা পরে পথ হারিয়েছেন, আসা-যাওয়া করেছেন অনেকবার। ২০০৭ বিশ্বকাপের পরও বাদ পড়েছিলেন। যথারীতি ফিরে জায়গা পাকা করেছেন। দুজনই এখন দলের গুরুত্বপূর্ণ অংশ। তার পরও আর সবকিছুকে ছাপিয়ে প্রথম বিশ্বকাপ সেঞ্চুরির আনন্দই হূদয়ে বেশি জায়গা পাওয়ার কথা!