প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসি রাইডার, মার্টিন গাপটিল, ডিন ব্রাউনলি, রস টেলর—কাল নিউজিল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যানই আউট হয়েছেন শূন্য রানে। টি-টোয়েন্টিতে প্রথম চার ব্যাটসম্যানের রানের খাতা খুলতে না পারার এমন দৃষ্টান্ত আছে আর একটিই। ২০০৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে কেনিয়ার প্রথম চার ব্যাটসম্যান আউট হয়েছিল শূন্য রানে। ওই ম্যাচে কেনিয়ার চতুর্থ উইকেট পড়ার সময় স্কোর ছিল ১ রান। সবচেয়ে কম রানে চার উইকেট পড়ার রেকর্ড এটি। এর পরই আছে কালকের নিউজিল্যান্ডের ৩/৪। কালকের ম্যাচে আরও কিছু রেকর্ড হয়েছে। পাকিস্তানের ১০৩ রানের জয়টি দুই টেস্ট খেলুড়ে দেশের টি-টোয়েন্টি ম্যাচের সবচেয়ে বড় জয়ের রেকর্ড। ৮০ রান নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোরও। ১১ বলে ৩৪ রান করার পাশাপাশি আবদুল রাজ্জাক ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন। একই ম্যাচে ৩০ রান ও ৩ উইকেট নেওয়ার মাত্র সপ্তম উদাহরণ এটি।