রেকর্ডের ম্যাচ জিতে ফাইনালে জোকোভিচ
বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনি—যেন এমন ধনুর্ভঙ্গ পণ করেই কোর্টে নেমেছিলেন দুজন। কিন্তু একজনকে তো হারতেই হতো। উইম্বলডন টেনিসের সেমিফাইনালে শেষ পর্যন্ত হেরেছেন আর্জেন্টাইন হুয়ান মার্টিন দেল পোত্রো। তবে হারের আগে বদলে দিয়ে গেলেন রেকর্ড বইয়ের পাতা। নোভাক জোকোভিচের সঙ্গে সমানে সমানে লড়েছেন ৪ ঘণ্টা ৪৩ মিনিট ধরে। পাঁচ সেটের মহাকাব্যিক লড়াইয়ে জোকোভিচ ৭-৫, ৪-৬, ৭-৬ (৭/২), ৬-৭ (৬/৮), ৬-৩ গেমে দেল পোত্রোকে হারিয়ে উঠে গেলেন উইম্বলডনের ফাইনালে। প্রায় পৌনে পাঁচ ঘণ্টার লড়াইটা উইম্বলডনের সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের ম্যাচ।এর আগের রেকর্ডটি ছিল বরিস বেকার ও ইভান লেন্ডলের মধ্যে, ১৯৮৯ সালে। তাঁদের ম্যাচটি চলেছিল ৪ ঘণ্টা ১ মিনিট ধরে। আর কাল ফলাফল নির্ধারণী পঞ্চম সেটে যখন ২-২-এ সমতা ছিল ম্যাচটি, তখনই পেরিয়ে গিয়েছিল ৪ ঘণ্টা ১৩ মিনিট।ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ড স্লাম জিততে এখন আর মাত্র একটি জয় দূরে জোকোভিচ। রোববারের ফাইনালে জোকোভিচের মুখোমুখি হবেন অ্যান্ডি মারে বা ইয়ার্জি ইয়ানোভিচ। এএফপি।হাঁটুতে চোট পাওয়া দেল পোত্রো কাল পায়ে ব্যান্ডেজ বেঁধে নেমেছিলেন খেলতে। এমন অবস্থায় টেনিসের শীর্ষ তারকার সঙ্গে যে এভাবে সমানে লড়াই করবেন, সেটা ছিল অবিশ্বাস্যই! প্রথম সেট জেতেন জোকোভিচ ৭-৫ গেমে। পরেরটি ৪-৬-এ জিতে সমতায় ফেরান দেল পোত্রো। টাইব্রেকারে গড়ায় তৃতীয় ও চতুর্থটি। তবে তৃতীয়টি জোকোভিচ জিতলেও পরেরটি আবার জেতেন দেল পোত্রো। ফলাফল নিষ্পত্তির শেষ সেটে অবশ্য খুব বেশি সুযোগ দেননি জোকোভিচ। ৬-৩ গেমে ম্যাচ শেষ করে শেষ হাসি হেসেছেন সার্বিয়ান তারকা। ম্যাচ শেষে উচ্ছ্বসিত জোকোভিচ বলছিলেন, ‘আমার খেলা অন্যতম সেরা একটা ম্যাচ ছিল এটি, অবশ্যই অন্যতম সেরা রোমাঞ্চকর ম্যাচও।’কাল অন্য সেমিফাইনালে লড়ছিলেন অ্যান্ডি মারে ও ইয়ার্জি ইয়ানোভিচ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুজনের খেলা চলছিল।