রেকর্ডের ম্যাচে ডনোভানের হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ার দিনটিকে ল্যান্ডন ডনোভান স্মরণীয় করে রাখলেন হ্যাটট্রিক করে। পরশু ফ্লোরিডায় স্কটল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তাঁর দল যুক্তরাষ্ট্রও জিতেছে ৫-১ গোলে।জাতীয় দলের হয়ে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির তারকা সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন গত বছরের সেপ্টেম্বরে। ২০০০ সালে অভিষেকের পর জাতীয় দলে এটাই সবচেয়ে লম্বা বিরতি। তবে বিরতিটা পুষিয়ে দিয়েছেন অনেক আগেই দেশের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নেওয়া ডনোভান। পরশু মাঠে নামতেই যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ ১২৫ ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেলেন। সাবেক ডিফেন্ডার জেফ অ্যাগাসের (১২৪টি) চেয়ে একটি বেশি। দারুণ এই উপলক্ষ পেয়ে ৩০ বছর বয়সী তারকা জ্বলেও ওঠেন শুরু থেকেই। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে দেন দলকে। পরে ৬০ ও ৬৫ মিনিটে আরও দুটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। এই তিন গোলে ডনোভান দেশের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডটাকে নিয়ে গেলেন ৪৯-তে। অন্য গোল দুটি মিডফিল্ডার মাইকেল ব্র্যাডলি ও জারমেইন মিলারের। স্কটল্যান্ডের সান্ত্বনার গোলটি আত্মঘাতী। এএফপি।