রেকর্ডের রাতে মেসির ৪
লিওনেল মেসির জাদুতে লা লিগায় গতকাল রোববার রাতে ওসাসুনাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। বার্সার পাঁচ গোলের চারটিই এসেছে মেসির পা থেকে।আগের ম্যাচেই মেসি ছুঁয়েছিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার রোনালদো ও বার্সার আরেক সাবেক খেলোয়াড় মারিয়ানো মার্টিনের টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড। গতকাল রাতে চারবারের ফিফা-ব্যালন ডি’অরজয়ী মেসি ছাড়িয়ে গেলেন তাঁদেরও। লা লিগায় টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার কীর্তি এখন আর্জেন্টাইন এই সুপারস্টারের দখলে।এ ম্যাচের মধ্য দিয়ে আরেকটি অনন্য রেকর্ড গড়েছেন ২৫ বছর বয়সী মেসি। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে লিগে ২০০ গোলের মাইলফলক ছোঁয়ার রেকর্ড। গত রাতের চার গোলের সুবাদে লিগে সব মিলিয়ে মেসির গোলসংখ্যা এখন ২০২।আগামী পরশু কোপা ডেল রে সেমিফাইনালের প্রথম লেগ। প্রতিপক্ষ দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লা লিগায় গতকাল দুই দলের খেলা ছিল বলে ‘এল ক্লাসিকো’র আগে শক্তি প্রদর্শনের ব্যাপারটা ছিলই। এ পরীক্ষায় সফল দুদলই। সফল দুই দলের দুই প্রধান ‘অস্ত্র’ ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিও। তুলনামূলক বিচারে এগিয়ে মেসি। কারণ গেটাফের বিপক্ষে রিয়ালের ৪-০ গোলের জয়ে রোনালদোর অবদান তিনটি। আর মেসি গোল করলেন চারটি।ওসাসুনার বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে গোলের সূচনা করেন মেসি। ২৪ মিনিটে গোলটি শোধ করে ম্যাচে সমতায় আনেন ওসাসুনার রাউল। এর চার মিনিট পর পেনাল্টি থেকে গোল করে বার্সাকে আবারও এগিয়ে দেন মেসি। ৪০ মিনিটে ওসাসুনার জালে বল জড়িয়ে স্কোর লাইন ৩-১ করেন বার্সার পেদ্রো।দ্বিতীয়ার্ধে গোলের জন্য যেন আরও মরিয়া হয়ে ওঠেন মেসি। ৫৬ মিনিটের মাথায় নিজের হ্যাটট্রিক গোলটি তুলে নেন বার্সার এই প্রাণভোমরা। উদযাপনের রেশ কাটতে না কাটতেই ওসাসুনার জালে আবারও আঘাত হানেন মেসি। ম্যাচের ৫৮ মিনিটে হওয়া ওই গোলের পর বাকি সময়ে আর কোনো গোল হয়নি।গতকালের জয়ের সুবাদে লিগের শীর্ষে থাকা বার্সার ২১ ম্যাচে অর্জন ৫৮ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে রিয়ালের অর্জন ৪৩ পয়েন্ট, অবস্থান তৃতীয়। রিয়ালের চেয়ে এখনো ১৫ পয়েন্টে এগিয়ে স্প্যানিশ জায়ান্টরা। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।ব্যক্তিগত নৈপুণ্যের দিক থেকে যেন ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন লিওনেল মেসি। লিগের এবারের আসরে এখন পর্যন্ত তাঁর গোলসংখ্যা ৩৩। ২১ গোল নিয়ে পরের অবস্থানটা রোনালদোর। তৃতীয় অবস্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের গোলসংখ্যা ১৮। সূত্র: রয়টার্স।