রেকর্ডের সামনে বার্সা-অ্যাটলেটিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ডটা হতে পারে বার্সেলোনার অথবা অ্যাটলেটিকো মাদ্রিদের। কিংবা দুই ক্লাবেরই!
টানা ৭ ম্যাচে জয় নিয়ে এরই মধ্যে দুই ক্লাবই গড়েছে নিজেদের ইতিহাসে মৌসুমের শুরুতে সবচেয়ে বেশি টানা জয়ের রেকর্ড। সামনে অন্য এক রেকর্ডের হাতছানি। লা লিগায় এর আগে মৌসুমের শুরুতে টানা আট ম্যাচে জয় পায়নি কোনো দলই।
বার্সেলোনা আর অ্যাটলেটিকো কি পারবে নিজেদের ছাড়িয়ে গিয়ে সেই রেকর্ড গড়তে?
সুযোগটা প্রথম পাচ্ছে বার্সেলোনাই। ন্যু ক্যাম্পে আজ জেরার্ডো মার্টিনোর দলের প্রতিপক্ষ ভ্যালাদোলিদ। স্প্যানিশ চ্যাম্পিয়নদের যে ফর্ম তাতে তাদের সামনে কোনো বাধা হতে পারার কথা নয় ভ্যালাদোলিদের। শুধু একটাই শঙ্কা, মার্টিনো এ ম্যাচে পাবেন না লিওনেল মেসিকে। চোটের কারণে দলের বাইরে ফিফা বর্ষসেরা ফুটবলার। তাঁকে ছাড়া চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে জয় পেতেই ঘাম ঝরেছে বার্সেলোনার। আগে থেকেই দলের বাইরে হাভিয়ের মাচেরানো ও জর্ডি আলবা—এটি হয়তো চিন্তার ভাঁজ ফেলেছিল মার্টিনোর কপালে। তবে সেটি কিছুটা কমিয়ে দেবে কার্লোস পুয়োলের ফেরার খবর। চোটের কারণে গত মার্চ থেকে দলের বাইরে থাকা বার্সা ডিফেন্ডার কিছুদিন ধরে অনুশীলন করেছেন নিয়মিত। ভ্যালাদোলিদের বিপক্ষে আজই মাঠে হতে পারে তাঁর প্রত্যাবর্তন।
ম্যাচ জিতে বার্সেলোনা যদি নতুন রেকর্ড গড়েও, ২৪ ঘণ্টার মধ্যেই তাতে ভাগ বসাতে পারে অ্যাটলেটিকো। কাল ভিসেন্তে ক্যালদেরনে ডিয়েগো সিমিওনের দলের প্রতিপক্ষ সেল্টা ভিগো। আর্জেন্টাইন কোচের অধীনে এই মৌসুমে দুর্দান্ত খেলছে অ্যাটলেটিকো। গত সপ্তাহে মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারিয়ে দেওয়া অ্যাটলেটিকো মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে জিতেছে পোর্তোর বিপক্ষেও। সিমিওনের জন্য আরেকটা সুখবর, নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছেন এখন পর্যন্ত মেসির সঙ্গে যৌথভাবে লা লিগার সর্বোচ্চ গোলদাতা ডিয়েগো কস্তা।
লা লিগায় এই দুই ক্লাবের দুর্দান্ত ফর্ম। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা উল্টো। ১৯৮৯ সালের পর এত বাজে শুরু আর হয়নি রেড ডেভিলদের। ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাশার চাপে দিশেহারা নতুন কোচ ডেভিড ময়েস। আজ সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে তাই যেন কোচের হয়ে সমর্থকদের আশার বাণী শোনালেন অধিনায়ক নেমানিয়া ভিদিচ, ‘মেনে নিতে হবে যে আমাদের শুরুটা ভালো হয়নি। প্রত্যাশামতো ফল পাচ্ছি না। তবে আমরা এটা নিয়ে কাজ করছি। আমি খুবই আশাবাদী।’ এএফপি।