রেকর্ডের হাতছানি ফেদেরারের সামনে
সেমিফাইনালে নোভাক জকোভিচের বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে আরও একবার উইম্বলডনের ফাইনালে চলে এসেছেন রজার ফেদেরার। এবার শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ অ্যান্ডি মারে। আজ ফাইনালে মারের মুখোমুখি হওয়ার আগে ফেদেরারের সামনে থাকছে রেকর্ড গড়ার হাতছানি। চূড়ান্ত এই লড়াইয়ে জিততে পারলেই টেনিস কিংবদন্তি পিট সাম্প্রাসের একটি রেকর্ডে ভাগ বসাতে পারবেন সুইস এই তারকা। তাঁর ট্রফি কেসে জমা হবে ১৭টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।গত শুক্রবার নোভাক জকোভিচকে ৬-৩, ৩-৬, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে অষ্টমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। ১ নম্বর তারকা জকোভিচের বিপক্ষে জয়ের পর তিনি বলেছিলেন, ‘নোভাকের মতো খেলোয়াড়কে হারাতে পারাটা সত্যিই দারুণ ব্যাপার। বেশ কয়েক বছর ধরে সে খুব ভালো খেলছে।’ আর এখন অ্যান্ডি মারেকে হারের স্বাদ দিতে পারলেই নতুন একটি উচ্চতায় বসতে পারবেন ফেদেরার। সে সম্পর্কে যথেষ্ট সচেতনও আছেন ১৬টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাজয়ী এই টেনিস তারকা। তিনি বলেছেন, ‘আমার সামনে আর মাত্র একটা ম্যাচ আছে। আমি সে সম্পর্কে সচেতনই আছি।’আজকের ম্যাচে মানসিকভাবে নিশ্চয়ই অ্যান্ডি মারের থেকে অনেক এগিয়ে থাকবেন ফেদেরার। কারণ বিগত সাতটি ফাইনালের ছয়টিতেই জয়ের স্বাদ পেয়েছেন তিনি। হেরেছিলেন শুধু একবার—২০০৮ সালে রাফায়েল নাদালের বিপক্ষে। আর মারের বিপক্ষে তাঁর পরিসংখ্যানটা আরও ভালো। এর আগে দুইটা গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন মারে ও ফেদেরার। ২০০৮ সালের ইউএস ওপেন ও ২০১০ সালের অস্ট্রেলিয়ান ওপেনে। দুটিতেই মারেকে হারিয়ে শিরোপা জিতেছিলেন ৩০ বছর বয়সী এই টেনিস তারকা। তবে এবার তিনি সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন কি না, তা জানার জন্য মাঠের খেলার দিকেই নজর রাখতে হবে ফেদেরারের সমর্থকদের।