রেকর্ড-কন্যা নাজমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯টি ইভেন্টে সাঁতরে ৮টিতেই রেকর্ড গড়ে সোনা। সোনালি পদকগুলো যেন ফুলের পাপড়ি হয়ে ফুটল নাজমা খাতুনের হাতে। কাল মিরপুর সুইমিং পুলে  l হাসান রাজা
৯টি ইভেন্টে সাঁতরে ৮টিতেই রেকর্ড গড়ে সোনা। সোনালি পদকগুলো যেন ফুলের পাপড়ি হয়ে ফুটল নাজমা খাতুনের হাতে। কাল মিরপুর সুইমিং পুলে l হাসান রাজা

৫০ মিটার ফ্রি-স্টাইলে টাচ প্যাড ছুঁয়েই ভিআইপি গ্যালারির দিকে স্যালুট ঠুকলেন মাহফিজুর রহমান সাগর। সেখানে বসে ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। নৌবাহিনীর সাঁতারুর স্যালুটটি তাঁর উদ্দেশেই। নিজের প্রিয় ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সাগর। পরের দুটি ইভেন্টেও রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মাতলেন নাজমা খাতুন ও রোমানা আক্তার।
খেলাই! তিন দিনের ২৮তম জাতীয় সাঁতারে ৩৬টি ইভেন্টের মধ্যে ১৫টিতে ব্যক্তিগত রেকর্ড হয়েছে, রিলেতে আরও ৫টি। সমস্যা একটাই, সব রেকর্ডই হ্যান্ড টাইমিংয়ে! সাঁতারুরা সত্যিকার অর্থেই কতটুকু উন্নতি করলেন, সে ব্যাপারে তাই নিশ্চিত হওয়া কঠিন।
১৯৯৩ সাফ গেমসের আগে একটি ইলেকট্রনিক স্কোরবোর্ড বসানো হয়েছিল মিরপুর সুইমিং পুলে। সাত বছর ঠিকভাবে চলার পর এটি গড়বড় করতে শুরু করে। বিভিন্ন প্রতিযোগিতার আগে সারিয়ে কোনো রকম কাজ চালাত ফেডারেশন। সর্বশেষ ২০১০ এসএ গেমসে দেখা গেছে ইলেকট্রনিক স্কোরবোর্ডের ব্যবহার। এর কিছুদিন পর থেকে আবারও অকেজো হয়ে পড়ে আছে এটি।
কাল শেষ দিনে সাঁতারে রেকর্ড হয়েছে ৮টি। এর মধ্যে নৌবাহিনীর নাজমা একাই গড়েছেন ৩টি। ৮০০ মিটার ফ্রি-স্টাইল, ৫০ মিটার ফ্রি-স্টাইল ও ৪x১০০ মিটার মিডলে রিলেতে রেকর্ড গড়ে সোনা জিতে এবারের জাতীয় সাঁতারটা স্মরণীয় করে রেখেছেন তিনি। ৯টি ইভেন্টে সাঁতরে ৮টিতেই রেকর্ড গড়ে সোনা জিতে স্বীকৃতি পেয়েছেন মহিলা বিভাগের সেরা সাঁতারুর। রোমানা জিতেছেন ৫টি সোনা ও ১টি রুপা। ছেলেদের মধ্যে সেরা সাগর, ৭টি ইভেন্টে সাঁতরে ৬টিতে সোনা জিতেছেন, রুপা জিতেছেন অন্যটিতে। এর মধ্যে ২টি ব্যক্তিগত ইভেন্টে রেকর্ড গড়েছেন, রিলেতেও ২টি। ২৪টি সোনাসহ মোট ৫০টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী। রানার্সআপ হয়েছে সেনাবাহিনী (১৪টি সোনাসহ মোট ৪৭টি পদক)।