রেগে আগুন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি সহজেই রাগেন না, কথায়ও সেটি বোঝা যায় না। কিন্তু পরশু আর্জেন্টিনা প্রীতি ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র করার পর আর্জেন্টিনার অধিনায়কের চিরচেনা সেই রূপটি উধাও। থাকবে কী করে, ফিফা র‌্যাঙ্কিংয়ের তিনে থাকা তাঁর দল আর্জেন্টিনা যে গোলশূন্য ড্র করেছে র‌্যাঙ্কিংয়ের ১১২তম স্থানে থাকা একটি এশীয় দলের সঙ্গে। আর্জেন্টিনার ড্রয়ের দিনে ব্রাজিলও ড্র (১-১) করেছে, রাদামেল ফ্যালকাওয়ের কলম্বিয়ার সঙ্গে।রিয়াদে নিজেদের খেলাটা আর্জেন্টিনা খেলতে তো পারেইনি, উল্টো হজম করতে যাচ্ছিল গোল। ভাগ্য ভালো, ২৯ মিনিটে স্বাগতিক দলের ওসামা আল হার্বি জালে বল ঠেললেও সেটি অফসাইডের দায়ে বাতিল হয়ে যায়। মায়োর্কার বিপক্ষে সর্বশেষ লা লিগা ম্যাচে দুই গোল করে এক পঞ্জিকাবর্ষে পেলের গোলসংখ্যা টপকে এসেছিলেন সৌদি আরবে। নিজে এখানে গোল পাননি, দলের খেলাও হয়েছে বাজে। যা দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি মেসি। স্প্যানিশ এক দৈনিক এএসকে রাগত স্বরে বলেছেন, ‘ম্যাচটা আমরা ছেড়ে দিয়েছি। এটা সত্যিই লজ্জার, দারুণ অর্জনের এই বছরের শেষটা করলাম এমন পারফরম্যান্স দিয়ে।’ আর্জেন্টাইন প্লে-মেকার সতীর্থদের উদ্দেশে বলেছেন, আকাশি-সাদা জার্সির আলাদা মর্যাদা আছে, ‘শুরু থেকেই যেভাবে ম্যাচটা খেলা উচিত ছিল, সেভাবে আমরা খেলতে পারিনি। শেষভাগে কিছুটা ভালো খেললেও জিততে পারিনি। এর পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। যখন আর্জেন্টিনার হয়ে খেলবেন, জয়ই আশা করবেন।’ এর পরই সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন, ‘এদিন যা ঘটেছে, তাতে আমি ক্ষুব্ধ।’মেসির হতাশার দিনটা ব্রাজিল তারকা নেইমারের জন্য ছিল মিশ্র অনুভূতির। গোল করে দলের পরাজয় রুখেছেন নেইমার। তবে জেতাতেও পারতেন। ৮১ মিনিটে তাঁর পেনাল্টি কিক ক্রসবার উঁচিয়ে বাইরে গেলে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে। ৪৪ মিনিটে গুইলার্মো কুয়ার্দাদোর গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল কলম্বিয়া। পেনাল্টি থেকে গোল করতে না পেরে অবশ্য হতাশ নন ব্রাজিল স্ট্রাইকার, ‘এটা বড় কোনো ব্যাপার নয়। আমি আগেও গোল মিস করেছি।’ এএফপি ও ওয়েবসাইট।