রেগে গেলেন মরিনহো!

‘আপনাদের যত আগ্রহ মাঠের বাইরের খেলোয়াড়টি নিয়ে। যাদের মাঠের খেলায় আমি নির্বাচিত করেছি, তাদের নিয়ে আপনাদের কোনোই আগ্রহ নেই। খুবই দুঃখজনক।’ কথাগুলো হোসে মরিনহোর। চেলসির কোচ চ্যাম্পিয়নস লিগের এক সংবাদ সম্মেলনে এসে এই কথাগুলো বলেই উগড়ে দিয়েছেন নিজের ক্ষোভ। তাঁর যত ক্ষোভ সাংবাদিকদের বিরুদ্ধে। কেন তাঁরা ‘উল্টাপাল্টা’ প্রশ্ন করে তাঁকে বিব্রত করেন! রাগে-দুঃখে সংবাদ সম্মেলনকক্ষও ত্যাগ করেন তিনি।
চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে তাঁর দল চেলসি হেরেছে এফসি বাসেলের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে রুমানিয়ার স্টুয়া বুখারেস্টের বিপক্ষে খেলা চেলসির। এই ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের তোপে পড়েন এই পর্তুগিজ কোচ।
মরিনহোর কাছে প্রশ্ন ছিল কেভিন ডি ব্রুইনকে একাদশে রাখা না রাখা নিয়ে। প্রশ্নটি শুনেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন তিনি। বলেন, ‘সে নির্বাচিত হয়নি। এটা একান্তই আমার সিদ্ধান্ত। সে অনুশীলনে ভালো করেনি। মাঠের পারফরম্যান্স ও অনুশীলন দেখেই আমি দল নিয়ে সিদ্ধান্ত নিই।’ এর পরপরই ওপরের মন্তব্যটি করে সম্মেলনকক্ষ ত্যাগ করেন তিনি। এ সময় পাশে বসা অধিনায়ক ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান। কোচের চলে যাওয়ার পথের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না তাঁর।
এমনিতেই বুখারেস্টের বিপক্ষে দল নিয়ে প্রচণ্ড চাপে আছেন মরিনহো। প্রথম ম্যাচে বাসেলের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পর আজ চেলসিকে জিততেই হবে। এদিকে, চোটের কারণে চেলসি আজ পাচ্ছে না বেলজিয়ান ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ডকেও। মড়ার ওপর খাঁড়ার ঘা বোধ হয় একেই বলে। সূত্র: রয়টার্স।