রেঞ্জে দাঁড়ালেই অস্থির লাগে আসিফের!
মাথায় শ্যাডো ক্যাপ। খেলা শেষে কাঁধে চকচকে আনসুজ রাইফেলটা নিয়ে নায়কের মতো ছবির জন্য পোজ দিলেন। কিন্তু ২৫তম জাতীয় শ্যুটিংয়ের প্রথম দিনে নায়ক হতে পারলেন না আসিফ হোসেন খান। ১০ মিটার এয়ার রাইফেলে চট্টগ্রাম রাইফেল ক্লাবের শ্যুটারকে টপকে চ্যাম্পিয়ন হলেন বিকেএসপির আবদুল্লাহ হেল বাকি। দুই বছর আগে এই ইভেন্টে জাতীয় চ্যাম্পিয়ন হওয়া আসিফের আবার চলছে ‘আত্মানুসন্ধান পর্ব’।গুলশান শ্যুটিং কমপ্লেক্সে প্রজেক্টরের বড় পর্দায় দেখানো হচ্ছিল ১০ মিটার এয়ার রাইফেলের শ্যুট-অফ। কমনওয়েলথ ও সাফ গেমস সোনাজয়ী আসিফ একটি করে গুলি ছোড়েন আর একটু পর পর পানি খেয়ে নেন। স্নায়ুচাপটা বোঝা যাচ্ছিল পরিষ্কার। ১০টি শ্যুটের প্রথম দুটিতে দারুণ করলেন—৯.৬ ও ১০.৬। পরেরটা মাত্র ৭.৩! পঞ্চম শটে সর্বোচ্চ ১০.৮ করে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শেষ শটে আবারও ডোবান নিজেকে, স্কোর করেন ৮.৬। সব মিলিয়ে ৬৮৫.৫ স্কোর করে রুপা জিতেছেন আসিফ। ৬৮৭.৬ স্কোর করে সোনা জিতেছেন বাকি।গত মাসে জার্মানির মিউনিখে বিশ্বকাপে অসুস্থ অবস্থায় স্কোর করেছিলেন ৬৮২। দেশে ফিরেও পুরোপুরি অনুশীলন করতে পারেননি। সেই বাকিই চ্যাম্পিয়ন হয়ে গেলেন আসিফকে টপকে। বাকি দারুণ খুশি, ‘মাত্র দুই দিনের অনুশীলনে সোনা জিতে ভালোই লাগছে।’ তবে গতবার ৬৯০ স্কোর করে চ্যাম্পিয়ন হওয়া বাকি এবার ভালো করেননি।বাকির কথা থাক। দেশের সেরা শ্যুটার আসিফ কেন পারলেন না, পারছেন না? তিনি নিজে যা বললেন, তাতে তাঁর মনস্তাত্ত্বিক সমস্যাই ধরা পড়ছে, ‘এই নিয়ে তিনটি প্রতিযোগিতায় একই সমস্যা হলো। এসএ গেমস, গত জাতীয় চ্যাম্পিয়নশিপের পর এবারও হঠাৎ করে শ্যুট-অফে খারাপ করেছি। রেঞ্জে দাঁড়ালেই আমার প্রেশার বেড়ে যায়। আমার রাইফেল অনেক বেশি নড়ছিল, হার্টবিট বেড়ে যাচ্ছিল। বুঝতে পারছিলাম, রেজাল্ট খারাপ হতে পারে।’ নিজেই সমস্যার সমাধান খুঁজছেন। তবে আগামী অক্টোবরে কুয়েতে অনুষ্ঠেয় এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ ও কাতারে জানুয়ারি মাসের এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপেই নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ নিচ্ছেন আসিফ।কাল ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়রে সোনা জিতেছে বিকেএসপির জেসিমুজ্জামান। মেয়েদের ৫০ মিটার রাইফেল প্রোনে সোনাজয়ী ঢাকা রাইফেল ক্লাবের শারমিন শিল্পা এবং ছেলেদের ৫০ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন সাভার সেনা শ্যুটিং ক্লাবের নাদিমুল।