রেটিং পয়েন্ট পেল বাংলাদেশ
শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ড্র। সিরিজ হারলেও ছোটখাটো একটা পুরস্কার পেল বাংলাদেশ। না, টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো উন্নতি হয়নি, মুশফিকদের দল আছে সেই নয় নম্বরেই। তবে গত বছরে জুলাইয়ের পর এই প্রথম বাংলাদেশের রেটিং পয়েন্টের ঘরে কোনো পয়েন্ট দেখাচ্ছে। যদিও সেটা মাত্র ১। গত জুলাইয়ে রেটিং পয়েন্ট ছিল ৮। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ পয়েন্ট ছিল ১৩ (২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জেতার পর)।বাংলাদেশ উন্নতি করেছে ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও। প্রথম টেস্টের ব্যাটিং-বীরত্বই র্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। ডাবল সেঞ্চুরি করা মুশফিকুর রহিম এগিয়েছেন পাঁচ ধাপ। সিরিজ শুরুর আগে বাংলাদেশের অধিনায়ক ছিলেন ৪১ নম্বরে। সেখান থেকে ৩৬-এ উঠে এসেছেন মুশফিক। আশরাফুল এগিয়েছেন ১৪ ধাপ (বর্তমান অবস্থান ৬৪), নাসির ৯ ধাপ (৪৪)। ক্যারিয়ারের প্রথম সিরিজের পারফরম্যান্স মমিনুল হককে জায়গা দিয়েছে ৯২ নম্বরে। চোটের কারণে না খেললেও সাকিব আল হাসান বাংলাদেশিদের মধ্যে সবার ওপরেই আছেন (৩০), এরপরই তামিম ইকবাল (৩১)। তবে এক মাহমুদউল্লাহ ছাড়া বোলিংয়ে পিছিয়েছেন অন্য সবাই। সহ-অধিনায়ক দুই ধাপ এগিয়ে উঠেছেন ৬৮ নম্বরে। সোহাগ গাজী পিছিয়েছেন পাঁচ ধাপ (৬০)। এখানেও সবার ওপরে সাকিব (১৫)। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানটাও ধরে রেখেছেন সাকিব।