রেড বুলসে অঁরির শুরু
জীবনের গতি কত দ্রুতই না পাল্টে ফেললেন ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি! বার্সেলোনার পাট চুকিয়ে দিন দুই আগেই নাম লিখিয়েছেন তারকাদের ‘বৃদ্ধাশ্রম’খ্যাত যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব নিউইয়র্ক রেড বুলসে।নতুন ঠিকানায় অনুশীলনও শুরু করে দিয়েছেন অঁরি। পরশু অনুশীলন করেছেন পুরোদমে। শুধু অনুশীলনই কেন? গতকালই ম্যাচ খেলতে চেয়েছিলেন। মেজর লিগ সকারে এদিন রেড বুলসের ম্যাচ ছিল ওহাইওর কলম্বাসে। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ এখনই অঁরিকে ম্যাচ খেলাতে চাইছে না। বিশ্বকাপ থেকে ফ্রান্সের দ্রুত বিদায়ে গত সপ্তাহ তিনেক মাঠের বাইরে অঁরি। তা ছাড়া নতুন জায়গায় নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার তো একটা ব্যাপার আছে। তাই ক্লাবের পক্ষ চাইছে, অন্তত আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে।আগামী সপ্তাহেই টটেনহামের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে রেড বুলস। ওই ম্যাচেই অভিষেক হতে পারে ফরাসি তারকার। অভিষেক যেদিনই হোক, নতুন ঠিকানায় গিয়ে অঁরি খুবই খুশি, ‘আপনি বুঝতেই পারবেন না কতটুকু খুশি আমি। এখানে এসে বিশেষ করে সতীর্থদের দেখে আমি খুবই খুশি।’ অঁরিকেও স্বাগত জানাতে কার্পণ্য করেনি রেড বুলসের খেলোয়াড়, স্টাফরা। সতীর্থ কলম্বিয়ান স্ট্রাইকার হুয়ান পাবলো অ্যাঞ্জেল তো অঁরিতে মুগ্ধই হয়ে গেছেন, ‘আমি বলব, সে আমাদের প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড়।’ এএফপি।