রেডন্যাপ প্রস্তুত, তবে...
‘ভারপ্রাপ্ত’। আপাতত অন্তর্বর্তীকালীন কোচেই সমাধান খুঁজছে ইংল্যান্ড। কারণ, ফ্যাবিও ক্যাপেলোর শূন্যস্থান পূরণে যাঁকে ভাবা হচ্ছে, সেই হ্যারি রেডন্যাপ ইংল্যান্ড দলের দায়িত্ব নিতে রাজি। কিন্তু একই সঙ্গে টটেনহামের দায়িত্বও পালন করা তাঁর পক্ষে সম্ভব নয়। ইংলিশ ফুটবলে যে পরিমাণ চাপ, তাতে দুটো দলকে সামলানো আসলেই অসম্ভবের কাছাকাছি।রেডন্যাপ বলেছেন, ‘দুটো কাজই একসঙ্গে করা খুব কঠিন। একটা দেশের দায়িত্ব পালন করার কথা বাদই দিন, শুধু একটা ক্লাবের কোচ হওয়াই তো অনেক কঠিন। আসলেই অসম্ভব। আপনার মনোযোগ শুধু একটা কাজের মধ্যেই থাকা চাই।’তবে এই ৬৪ বছর বয়সী আবারও জানালেন, ইংল্যান্ডের কোচ হওয়া তাঁর স্বপ্ন। তবে এ-ও জানেন, ইংল্যান্ডের কোচ হওয়া মানে গিলোটিনে মাথা পেতে দেওয়া, ‘এটাই সবচেয়ে কাঙ্ক্ষিত চাকরি। তবে পুরো বিষয়টাকে বাস্তবতা দিয়ে চিন্তা করতে হবে। তাহলেই বুঝবেন এই চাকরি কত কঠিন। কারও হাতেই তো আর জাদুর কাঠি নেই। এর আগে বিশ্বসেরা কোচরাও এই কাজ করতে এসে হাঁপিয়ে উঠেছেন।’চারদিক থেকে ‘রেডন্যাপ’ ‘রেডন্যাপ’ বলে যেভাবে শোরগোল উঠেছে, যেন তিনি দায়িত্ব নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তারকাবহুল দলটা পেতে শুরু করবে কাঙ্ক্ষিত কক্ষপথ। এ কারণেই হয়তো রেডন্যাপ এখন থেকেই প্রত্যাশার বেলুনটাকে বেশি ফুলেফেঁপে উঠতে দিতে চান না। বরং সবার পা রাখতে চান বাস্তবের জমিনে।ইংলিশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, কোচ হিসেবে রেডন্যাপই চূড়ান্ত। ক্যাপেলোর জমানায় ভাষাগত দূরত্ব বড় বাধা হয়ে ছিল। এ কারণে একজন ইংলিশ কোচকেই নিয়োগ দিতে চায় এফএ। ইংলিশ কোচদের মধ্যে এই মুহূর্তে রেডন্যাপের ধারেকাছে কেউ নেই। এমনকি কিছু কিছু পত্রিকায় তাঁর সম্ভাব্য বেতনের অঙ্কটাও লেখা হচ্ছে। বছরে নাকি ৪০ লাখ পাউন্ড পাবেন এর আগে ওয়েস্ট হাম, পোর্টসমাউথে কাজ করা রেডন্যাপ। ক্যাপেলো যা পেতেন, তার চেয়ে অঙ্কটা ২৫ লাখ পাউন্ড কম।পাশাপাশি ইংলিশ মিডিয়া এই প্রশ্নের উত্তরও হন্যে হয়ে খুঁজছে, ঠিক কী এমন ঘটল যে চাকরি ছেড়ে দেওয়ার মতো বড় সিদ্ধান্তই নিলেন ক্যাপেলো? কিছু কিছু পত্রিকায় লেখা হচ্ছে, সব দোষ চেলসির! চেলসি নাকি আন্দ্রে ভিলাস-বোয়াসকে সরিয়ে নিয়ে আসতে চায় ক্যাপেলোকে!অন্তর্বর্তী কোচ হিসেবে ইংলিশ মিডিয়ার পছন্দ গাস হিডিঙ্ককে। কিন্তু এই ডাচ কোচ মাত্র চার মাসের জন্য কোনো দলের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র। তা ছাড়া চেলসিতে কাজ করার সময় জন টেরির সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে উঠেছিল হিডিঙ্কের। ফলে এটাও তাঁর কোচ হওয়ার পথে একটা বাধা। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।