রেডন্যাপের হূদয়ে হার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড জেমস বুড়ো হয়ে গেছেন। ক্ষোভে-দুঃখে ‘অবসর’ নিয়ে ফেলেছেন পল রবিনসন। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই হাত ফসকানো গোল এখনো তাড়িয়ে বেড়াচ্ছে রবার্ট গ্রিনকে। ইংল্যান্ডের গোলরক্ষকের চরম সংকটে স্বভাবতই দেখা দিয়েছে একটি প্রশ্ন, ভবিষ্যতে তিন সিংহদের গোলবার সামলাবেন কে? উত্তর পেয়ে গেছেন টটেনহামের কোচ হ্যারি রেডন্যাপ। ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জো হার্টের মধ্যেই ইংল্যান্ডের ভবিষ্যৎ গোলরক্ষকের ছবি দেখতে পাচ্ছেন তিনি। জো হার্ট ম্যানচেস্টার সিটিরই দুই নম্বর গোলরক্ষক। কিন্তু পরশু ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুর দিনে ম্যান সিটি-টটেনহামের ম্যাচে হার্টকেই মাঠে নামিয়েছিলেন কোচ মানচিনি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। কিন্তু হার্ট অসাধারণ কিছু সেভ করেছেন। এটা দেখেই রেডন্যাপ বলেছেন, রিজার্ভ বেঞ্চ অধ্যায় পেছনে ফেলে শুধু ম্যান সিটি কেন, ইংল্যান্ডেরই এক নম্বর গোলরক্ষক হতে যাচ্ছেন হার্ট! গোলশূন্য ওই ড্র ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আজ আমার দল নিয়ে বেশি কিছু বলতে পারব না। তবে ওদের গোলরক্ষক ছিল অসাধারণ। জো ছিল দুর্দান্ত। আজ ইংল্যান্ড কোচের জন্যও ওকে দেখাটা ছিল দারুণ।’ রয়টার্স।