রেফারিং নিয়ে ফিফা ‘খুবই সন্তুষ্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাবুলানি, ভুভুজেলা...বিতর্কের তালিকায় এর পরই যোগ হয়েছে রেফারিং। শুরু থেকে গোল-খরায় ভুগতে ভুগতে পর্তুগালের সৌজন্যে গোল-বন্যার দেখা মিলেছে অবশেষে। তবে কার্ডের বৃষ্টি কিন্তু রেফারিরা ঝরিয়েই যাচ্ছেন। পরশু স্পেন-হন্ডুরাস ম্যাচ পর্যন্ত হলুদ কার্ড দেখানো হয়েছে ১২৬টি, লাল কার্ড ১০টি। বেশির ভাগ লাল কার্ড নিয়েই বিতর্ক হচ্ছে। রোববার কাকাকে লঘু পাপে গুরুদণ্ডই দেওয়া হলো। কাকার ব্রাজিলকে সেদিন এর খেসারত দিতে হয়নি, যেটি দিতে হয়েছে পরদিন সুইজারল্যান্ডকে।পরশু সুইজারল্যান্ড-চিলি ম্যাচের ৩১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভালোন বেহরামি। চিলি মিডফিল্ডার আর্তুরো ভিদালেরও দায় আছে এতে। ভিদালের মুখে বেহরামি কনুই মেরেছিলেন। তবে অপরাধটা রেফারির কাছে গুরুতর মনে হয়েছে ভিদাল মাটিতে শুয়ে রীতিমতো আর্তনাদ শুরু করে দিলে। আগের রাতে আইভরিকোস্টের কাদের কেইটা যেমনটা করেছেন কাকার বেলায়। এবারও রেফারি পকেট থেকে দ্রুতই লাল কার্ড বের করে বহিষ্কার করেছেন বেহরামিকে।ম্যাচের ৬০ মিনিট দশজনের দল নিয়ে লড়াই করে সুইজারল্যান্ড হেরেছে ০-১ গোলে। ক্ষুব্ধ কোচ ওটমার হিজফেল্ড পরশুই রেফারিকে একহাত নিয়েছেন সংবাদ সম্মেলনে, ‘আমি অবশ্যই ক্রুদ্ধ। এটা লাল কার্ড তো দূরের কথা, হলুদ কার্ডই হয় না। ভিদাল যেভাবে মাটিতে গড়াগড়ি খেয়ে লাল কার্ড আদায় করে নিল, সেটা অন্যায়।’শুধু মুক্তহস্তেই কার্ড দেখাচ্ছেন বলে এই সমালোচনা নয়। পরপর বেশ কটি ম্যাচে হ্যান্ডবল ধরতে রেফারিদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। লুইস ফ্যাবিয়ানোর হ্যান্ডবল রেফারির চোখে পড়েনি। ব্রাজিল স্ট্রাইকার গোল আদায় করে নিয়েছেন সুযোগের সদ্ব্যবহার করে। পরদিন স্পেন ম্যাচে উল্টোটা হয়েছে। হন্ডুরাসের বক্সে এক খেলোয়াড়ের হাতে লেগেছিল বল। স্পেনের সবাই হ্যান্ডবলের দাবিতে চেঁচিয়ে উঠলেও রেফারি তাতে সায় দেননি।যুক্তরাষ্ট্র-স্লোভেনিয়া ম্যাচে মালির রেফারি কোমান কৌলিবালির ভুল তো ছিল হাস্যকর। ম্যাচের ৮৬ মিনিটে মরিস এডুর গোল বাতিল করে দেন তিনি। ঠিক কী কারণে গোলটি বাতিল হয়েছে এই উত্তর যুক্তরাষ্ট্র হয়তো আজও খুঁজছে। খুঁজবে, যদি বিশ্বকাপটা গ্রুপ পর্বেই শেষ হয়ে যায় তাদের।এসব বিতর্কের প্রেক্ষাপটে বিবৃতি দিয়েছে ফিফা। এবং বিস্ময়করভাবে তারা জানিয়েছে, রেফারিংয়ের মান নিয়ে ফিফা ‘খুব, খুবই সন্তুষ্ট’! ফিফার রেফারিং-প্রধান হোসে মারিয়া গার্সিয়া-আরান্দা অবশ্য এও স্বীকার করে নিয়েছেন, কিছু কিছু সিদ্ধান্ত ভালো ছিল না।মুখে ফিফা হয়তো রেফারিদের সমর্থনই দিচ্ছে। কিন্তু এরই মধ্যে কৌলিবালিকে পরের রাউন্ড থেকে সরিয়ে দিয়ে রেফারিদের হয়তো হলুদ কার্ডই দেখাল ফিফা। ম্যাচের দায়িত্ব পাওয়া রেফারিদের জানিয়ে দিল—সতর্ক হও! এএফপি, ওয়েবসাইট।