রেফারিং নিয়ে মহাবিরক্ত আকবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একপর্যায়ে বলে ফেললেন, ‘রেফারিংয়ের উন্নতি না হলে আমি দেশে ফিরে যাব। এ দেশে এ রকম রেফারিংয়ের মধ্যে কাজ করার কোনো ইচ্ছা আমার নেই।’বক্তার নাম আলী আকবর পোরমুসলিমি। আবাহনীর ইরানি কোচ বাংলাদেশের রেফারিং নিয়ে ধারাবাহিকভাবেই ক্ষোভ জানিয়ে আসছেন। কাল যেন তাঁর ধৈর্যের বাঁধই ভেঙে পড়ল। তাই বিজেএমসির বিপক্ষে ১-০ জয়ের পরও কিছুতেই কমছিল না তাঁর ক্ষোভ, ‘বাজে রেফারিং চলছেই। ফেডারেশনকে কত অনুরোধ করেছি। কোনো উন্নতি নেই। এভাবে চলতে পারে না। এর একটা বিহিত হওয়া দরকার। নইলে এ দেশে আমি আর কাজ করতে ইচ্ছুক নই।’লিগে কদিন আগে মোহামেডানের সঙ্গে ১-১ ড্র ম্যাচে আলী আকবরের অভিযোগ ছিল, রেফারি আবদুল হান্নান (মিরন) তিনটি অবধারিত লাল কার্ডের জায়গায় হলুদ কার্ডও দেখাননি। ভালো খেলোয়াড়দের মাঠে নিরাপত্তা দিতে ফিফার নির্দেশনা থাকলেও রেফারির সেদিকে ভ্রূক্ষেপ নেই। বাংলাদেশের সামগ্রিক রেফারিং নিয়েই এই অভিযোগ তাঁর।কালও রেফারি ছিলেন সেই আবদুল হান্নান। এদিন আলী আকবর পুরোনো সব অভিযোগের সঙ্গে যুক্ত করলেন, ‘রেফারি বলের সঙ্গে দৌড়ানোর কথা, তিনি সেভাবে দৌড়ান না। অনেক কিছুই না দেখে উল্টোপাল্টা সিদ্ধান্ত দেন!’