রেফারিং নিয়ে রিয়াল-বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার সম্পর্কটাই এমন। বিষয় যা-ই হোক, এক দল কিছু বললেই পাল্টা তির ছুড়ে বসবে অন্য দল। এবারও তার ব্যতিক্রম ঘটল না।গত শনিবার ভিয়ারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারানোর পর রেফারিদের ধুয়ে দেন বার্সেলোনার দুই তারকা ফুটবলার মেসি-জাভি। সুযোগটি হাতছাড়া করেনি রিয়াল। মাদ্রিদের ক্লাবটির প্রতিনিধি হয়েই যেন হোসে ক্যালিয়ন খোঁচা মারলেন বার্সেলোনাকে। বললেন, রেফারিদের নিয়ে কথা বলে কাতালন ক্লাবটি কপটতার পরিচয় দিয়েছে!২০১১-১২ মৌসুমজুড়েই রেফারিরা তাঁদের দলের সঙ্গে অন্যায় আচরণ করছেন দাবি করে মেসি বলেছিলেন, ‘মাঝেমধ্যে তাঁদের উদ্ধত দেখা যায়। সামান্যতম প্ররোচনাতেই কার্ড দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন।’ আর জাভির কথা ছিল, ‘আমার মনে হয়, অন্য দলগুলোর চেয়ে আমরা বেশিই শাস্তি পাচ্ছি।’ তারও আগে বার্সার সভাপতি সান্দ্রো রোসেল বলেন, রেফারিরা তাঁর দলের ক্ষতি করছেন। পাল্টা হিসেবে ২৪ বছর বয়সী ক্যালিয়ন মার্কাকে বলেছেন, ‘আমি জানতাম, রেফারিদের নিয়ে কথা বলে না বার্সা। কিছু পরিবর্তন অবশ্যই হয়েছে। আমি জানি না কেন।’রিয়াল উইঙ্গারের কথাটা মাটিতেও পড়তে দিলেন না পেপ গার্দিওলা। বার্সা কোচ সঙ্গে সঙ্গেই জানিয়ে দিলেন, ‘বার্সেলোনা রেফারিং নিয়ে অভিযোগ করে না। তবে অন্য রকমভাবে বলা যেতে পারে, এই পরিস্থিতিতে আমরা একটা পেনাল্টি পেতে পারতাম। এটাকে যদি অভিযোগ ধরেন, তাহলে আমরা অভিযোগ করেছি। আমি শুধু এটা জানি, আমরা রেফারিকে সাহায্য করি না এবং তাদের অনুগ্রহও কামনা করি না। আমার খারাপ লাগে, যখন দেখি রেফারির ভুলে আমাদের ক্ষতি হয়েছে। কিন্তু পরক্ষণেই আবার ভাবি, রেফারির ভুল হয়েছে। আমি একটি ক্লাবের প্রতিনিধিত্ব করছি এবং আমি জানি, আগামীকালই হয়তো আরেকটি সিদ্ধান্ত আমাদের পক্ষে আসবে। এটা নিয়েই আমাকে চলতে হবে। আমরা যদি হারি, জানি আমাদের ভালো খেলতে হবে। এই ক্লাবের সঙ্গে এত দিন কাটিয়ে এটাই জেনে এসেছি।’ এর পরই বার্সেলোনা কোচ বলেছেন, ৭ পয়েন্ট পিছিয়ে পড়লেও বার্সেলোনা এখনো শিরোপার দৌড়ে, ‘সবাইকেই আমি জানাতে চাই, প্রতিটি শিরোপা জয়ের জন্য আমরা সম্ভব সবকিছু করব। সবাই যেন ভাবে, আমরা চেষ্টা করব।’ক্যালিয়নের কথা ফিরিয়ে দিতে গিয়ে বার্সার কোচ বাতিল করে দিয়েছেন চুক্তি নবায়ন সংক্রান্ত গুঞ্জনটিও। গার্দিওলার সঙ্গে চুক্তি নবায়নের খুব কাছাকাছি বার্সেলোনা, এমনই খবর বাতাসে। কিন্তু বার্সার ৪১ বছর বয়সী কোচ উড়িয়েই দিয়েছেন এই দাবি, ‘সমর্থন দেওয়ার জন্য সভাপতি ও বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু চুক্তি নবায়নের সিদ্ধান্তটি একমাত্র আমিই নেব। এবং যখন তা করব, প্রথমেই জানবেন সভাপতি।’ উল্লেখ্য, এ মৌসুমের শেষেই শেষ হয়ে যাবে বার্সেলোনার সঙ্গে গার্দিওলার চুক্তি। ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব দিলেও গার্দিওলা এখনো রাজি হননি। ওয়েবসাইট।