রেফারিংয়ে মরিনহোর অসন্তুষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ বছরের কোচিং ক্যারিয়ারে যখনই যেখানে গেছেন, সেখানে সাফল্যর সঙ্গে বিতর্কও সঙ্গী হয়েছে মরিনহোর। ইংল্যান্ড, ইতালি ঘুরে স্পেনে আসার পরও বিতর্ক এখনো পিছু ছাড়ছে না ‘স্পেশাল ওয়ানের’। মাত্র কিছুদিন আগেই উয়েফা চ্যাম্পিয়নস লিগে কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়িয়ে জরিমানা গুনতে হয়েছে তাঁকে। দুই ম্যাচের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছিল তাঁর ওপর। শুধু উয়েফা নয়, স্প্যানিশ লিগ কর্তৃপক্ষর সঙ্গেও যে তাঁর সম্পর্কটা খুব ভালো যাচ্ছে না, সেটাও বোঝা গেল বেশ ভালোমতোই। গতকাল রিয়াল জারাগোজার বিপক্ষে ম্যাচ শেষে রেফারিং নিয়ে তাঁর অসন্তুষ্টির কথা জানিয়ে দিলেন কোনো প্রকার রাখ-ঢাক না রেখেই।রেফারিরা নাকি অনেক ছোটখাটো কারণেই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের কার্ড দেখায়, মন্তব্য মরিনহোর। তিনি বলেছেন, ‘রিয়ালের ফুটবলারদের কার্ড দেখানোটা যেন কত সহজ! মনে হয় রেফারিরা রিয়ালের খেলাগুলোর সময় কার্ডেই হাত দিয়ে বসে থাকে। কই অন্য ক্লাবের খেলোয়াড়দের তো এত সহজে কার্ড দেখানো হয় না! আমি যে কারণে সবচেয়ে বেশি ক্ষুব্ধ, তা হলো—অন্য ক্লাবের খেলোয়াড়েরা প্রতিবাদ করতে পারে, কিন্তু রিয়ালের খেলোয়াড়েরা তাও পারে না। একইভাবে অনেক কোচই তাদের নির্ধারিত এলাকা ছেড়ে বাইরে যেতে পারে, আর কেউ কেউ সেটা পারে না।’মরিনহোর এই অসন্তোষের কারণটাও কিছুটা অনুমান করা যায়। ইনজুরির কারণে সার্জিও রামোস, গঞ্জালো হিগুয়েইনসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মাঠে পাচ্ছেন না মরিনহো। সে সঙ্গে গতকাল রিয়াল জারাগোজার বিপক্ষে হলুদ কার্ড দেখায় লিগের পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবেন না মিডফিল্ডার জাবি আলোনসো আর ডিফেন্ডার মার্সেলো। এ অবস্থায় মরিনহোর ক্ষুব্ধতা প্রণিধান যোগ্যই।শুধু রেফারিই নয়, প্রতিপক্ষের সমর্থকদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন মরিনহো। প্রতিপক্ষের মাঠে খেলতে গেলে প্রায়ই দুয়োধ্বনি শুনতে হয় রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। কিন্তু রোনালদোর মতো একজন অসাধারণ ফুটবলারের সঙ্গে এমন আচরণ কেন করা হয় তা কিছুতেই মাথায় ঢুকছে না মরিনহোর। তিনি বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর মতো একজন বিশ্বমানের ফুটবলারের সঙ্গে এত বাজে আচরণের মানে হচ্ছে, এই চ্যাম্পিয়নশিপটা সুরক্ষিত নয়। সে প্রতি সপ্তাহে দর্শকদের অসাধারণ ফুটবল উপহার দেয় কিন্তু স্টেডিয়াম, প্রতিপক্ষের খেলোয়াড়-সমর্থক বা রেফারিদের কাছ থেকে সে কোনো সুরক্ষা পায় না।’ রয়টার্স।