রেফারিও ইউনাইটেডের প্রতিপক্ষ!

এ তো প্রায় অবিশ্বাস্য। ম্যানচেস্টার ইউনাইটেড যেন জিততেই ভুলে গেছে!
প্রিমিয়ার লিগে টটেনহামের কাছে হারের পর সোয়ানসির কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে ডেভিড ময়েসের দল। কিন্তু দুর্ভাগ্যের শেষ নয় এখানেই। পরশু লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগেও সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছে ইউনাইটেড। এর মধ্যে প্রথম দুটি হার ওল্ড ট্রাফোর্ডে। গত ১৩ বছরে টানা তিন ম্যাচে হারের স্বাদ রেড ডেভিলদের এই প্রথম।পরশু সান্ডারল্যান্ড অবশ্য জয়টা পেয়েছে কপালগুণে। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে আত্মঘাতী
গোল করে বসেন ইউনাইটেড উইঙ্গার রায়ান গিগস। বিরতির পর সাত মিনিটের মধ্যেই সমতা ফেরান নেমানিয়া ভিদিচ। তবে ৬৩ মিনিটে টম ক্লেভারলি ডি-বক্সে সান্ডারল্যান্ডের অ্যাডাম জনসনকে ট্যাকল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। গোল করার সুযোগ হাতছাড়া করেননি সান্ডারল্যান্ড স্ট্রাইকার ফ্যাবিও বরিনি।
হারের দায়টা সরাসরি রেফারির ওপর চাপিয়েছেন ইউনাইটেড কোচ ময়েস, ‘আমরা খুব বেশি ভুল করিনি। প্রথম গোলের আগে আমি ভেবেছিলাম রেফারি আমাদের পক্ষে ফ্রি-কিক দেবেন। কিন্তু হলো উল্টোটা। এটা একটা জঘন্য সিদ্ধান্ত।’ বেশ কিছুদিন ধরেই ইউনাইটেড এমন বাজে সিদ্ধান্তের শিকার হচ্ছে বলেও মনে করেন ময়েস, ‘রেফারির সিদ্ধান্ত দেখে আমরা সবাই হাসাহাসি করছিলাম। এ মুহূর্তে আমাদের অফিশিয়ালদের বিপক্ষেও খেলতে হচ্ছে।’ রেফারির সিদ্ধান্তকে হাস্যকর বলছেন আত্মঘাতী গোল করা গিগসও, ‘এটা ছিল একটা দুর্ভাগ্যজনক রাত। ব্যাপারটা এখন হাস্যকর পর্যায়ে পৌঁছে গেছে, কোনো সিদ্ধান্তই আমাদের পক্ষে যাচ্ছে না।’ রেফারি ভুল না করলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত বলেও মনে করেন গিগস, ‘আমরা আমাদের পারফরম্যান্সে খুশি। আমরা মনে করি অন্তত ড্র করার মতো খেলেছি আমরা, কিন্তু হলো না শেষ পর্যন্ত।’
স্যার অ্যালেক্স ফার্গুসনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার পর সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি ময়েস। বড় ক্লাব এবং এমন একজনের উত্তরসূরি হওয়ায় বাড়তি চাপ অনুভব করছেন কি না—এমন প্রশ্নও তাঁকে শুনতে হয়েছে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে। জবাবে ইউনাইটেড কোচ অবশ্য বলেছেন উল্টো কথা, ‘অ্যালেক্স আমার খুব ভালো একজন উপদেষ্টা। তিনি সব সময় আমাকে সাহায্য করেন। একই কথা প্রযোজ্য স্যার ববি চার্লটন, ব্রায়ান রবসনের বেলায়। আমি ওদের তিনজনের কাছ থেকেই অনেক সাহায্য পাই।’ এএফপি, ওয়েবসাইট।