রেফারির সমালোচনা করায় রোনালদো-রামোসের শাস্তি?

এল ক্লাসিকোতে হারার পর ক্রিস্টিয়ানো রোনালদো বেজায় খেপেছেন রেফারির ওপর। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রেফারি আলবার্তো মায়েঙ্কোর ওপর ক্ষোভ উগরে বলেছেন, ‘এক ম্যাচে অনেক বেশি ভুল হয়েছে। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ম্যাচে আরও ভালো রেফারিং হওয়া উচিত ছিল।’ শুধু রোনালদো নন, রেফারির সমালোচনায় মুখর রামোসও। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার ঝাল বোধ হয় টের পেতে যাচ্ছেন রোনালদো ও রামোস।
এরই মধ্যে দুই রিয়াল তারকার বিরূপ মন্তব্যের পরিপ্রেক্ষিতে কম্পিটিশন কমিটি অব স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে অভিযোগ দায়ের করেছে স্পেনের টেকনিক্যাল কমিটি অব রেফারিজ (সিটিএ)। আরএফইএফের একটি সূত্র স্প্যানিশ দৈনিক ‘মার্কা’কে নিশ্চিত করেছে, সংস্থাটি দুই খেলোয়াড়ের মন্তব্য তদন্ত করছে। যদি গুরুতর কিছু পাওয়া যায়, তাহলে দুঃসংবাদই অপেক্ষা করছে রিয়াল তারকাদ্বয়ের জন্য।
ওদিকে রোনালদো মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাভি হার্নান্দেজ। বার্সার মধ্যভাগের এ ভরসা বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর দাবি ঠিক নয়। ওর সমালোচনা রূঢ়। বার্সা ভালো দল ছিল সেদিন। রিয়ালের চেয়ে আমরাই ভালো খেলেছি বলেই এ ফল এসেছে।’ বার্সার রক্ষণভাগের সেনানী পিকেও বলেছেন, ‘এত দারুণ একটা ম্যাচের পর রোনালদোর এ ধরনের অভিযোগ খুবই লজ্জার। রেফারিকে নিয়ে এভাবে কথা বলা একদমই ঠিক নয়। ম্যাচের চূড়ান্ত ফলে সে কোনো প্রভাব ফেলতে পারেনি।’