প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনি বক্সার। ঘুষাঘুষিতে পারদর্শী তো তাঁকে হতে হবেই। তাই বলে রেফারিকেই ঘুষিতে রক্তাক্ত করে দেওয়া! গত সোমবার ক্রোয়েশিয়ার জাগরেবে ইউরোপিয়ান যুব বক্সিং চ্যাম্পিয়নশিপের এক ম্যাচে এমনটাই ঘটিয়েছেন ক্রোয়েশিয়ার বক্সার ভিদো লনকার। লিথুনিয়ান প্রতিপক্ষের সঙ্গে ম্যাচের একপর্যায়ে পোলিশ রেফারি খেলা সাময়িক বন্ধ করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন লনকার। একের পর এক ঘুষি মেরে রেফারিকেই যেন নকআউট করতে চাইছিলেন তিনি! পুলিশ লনকারকে রিং থেকে টেনে নামিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয় ওই রেফারিকে। ইন্টারন্যাশনাল অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশন এ ঘটনায় লনকারকে সব প্রতিযোগিতায় নিষিদ্ধ ঘোষণা করেছে। পুরো ঘটনার ভিডিওটি এরই মধ্যে শোরগোল ফেলে দিয়েছে ইউটিউবে। এ পর্যন্ত ভিডিওটি দেখেছে ২০ লক্ষাধিক মানুষ! রয়টার্স।