ম্যাচের ২১ মিনিট। মিরালেম পিয়ানিচের থ্রু বলটা জালে জড়িয়ে দিলেন এডিন জেকো। বসনিয়ান স্ট্রাইকার হতভম্ব হয়ে আবিষ্কার করলেন, সহকারী রেফারি অফসাইডের সংকেত দিয়েছেন। ঠিক ৭ মিনিট পর প্রতিপক্ষ রক্ষণে বল পেলেন ইমানুয়েল এমেনিকে। নাইজেরিয়ান স্ট্রাইকারের বাড়িয়ে দেওয়া বলে গোল করলেন পিটার ওডেমিউঙ্গি। কিন্তু বসনিয়া খেলোয়াড়দের দাবি, তার আগে এমির স্পাহিচকে ফেলে দিয়েছিলেন এমেনিকে। ম্যাচটা শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেছে নাইজেরিয়া। আর তাতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে এবারই অভিষিক্ত বসনিয়ার। তবে বিতর্কিত দুই মুহূর্তের কারণেই ম্যাচের পরও ছড়িয়েছে উত্তাপ। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে এক সপ্তাহের মধ্যেই নিশ্চিত হয়ে গেল বিদায়। ক্ষুব্ধ জেকো সরাসরিই আক্রমণ করে বসলেন, ‘আজ আমাদের জেতা উচিত ছিল। এই খেলায় লজ্জাজনক রেফারিং হয়েছে। আমরা দুঃখিত, কারণ আমাদের বাড়ি ফিরতে হচ্ছে। তবে আমি মনে করি রেফারিরও বাড়ি ফিরে যাওয়া উচিত। ম্যাচটা তো বটেই, ফলটাও পালটে দিয়েছেন। আমরা সে জন্যই হেরেছি। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি, কিন্তু ভাগ্য আমাদের পক্ষে ছিল না।’ বসনিয়া কোচ সেফাত সুসিচের প্রতিক্রিয়া অবশ্য অন্য রকম। ক্ষোভ চেপে অভিনন্দন জানাচ্ছেন নাইজেরিয়াকে, ‘বিশ্বকাপে এটাই প্রথম বা শেষবার বাজে রেফারিং নয়, সামনেও হবে। তবে নাইজেরিয়াকে অভিনন্দন, তারা আজ আমাদের চেয়ে ভালো খেলেছে।’ নাইজেরিয়ার কাছে জয়টা অনেক বেশি মহিমান্বিত। সেই ১৯৯৮ বিশ্বকাপ থেকে একটা জয়ের জন্য হাপিত্যেশ করছিল সুপার ইগলরা। সেটি পাওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর কী হতে পারত? ওডেমিউঙ্গির কণ্ঠে ভারমুক্তির রেশ, ‘আমরা জানতাম ১৬ বছর ধরে আমরা কোনো জয় পাইনি। এটা আমাদের জন্য দারুণ রোমাঞ্চকর। গুরুত্বপূর্ণও বটে, কারণ সমর্থকেরা আমাদের আগের পারফরম্যান্সে (ইরানের সঙ্গে গোলশূন্য ড্র) হতাশ ছিল। এই জয়ের পর আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আর শেষ ষোলোতে যেতে পারলে কী হবে কিছুই বলা যায় না।’ এএফপি, ওয়েবসাইট।