রেফারিদের আচরণে হতাশ রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ বা পর্তুগাল; যেখানেই খেলুন না কেন, ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য কার্ড দেখাটা বিরল কোনো ঘটনা নয়। জাতীয় দলের ও ক্লাবের হয়ে এ পর্যন্ত সব মিলিয়ে ৫১টি হলুদ কার্ড ও ৬টি লাল কার্ড দেখেছেন পর্তুগিজ উইঙ্গার।সব সময় যে অন্য কাউকে ফাউল করেই কার্ডের মুখ দেখেন, এমন কোনো কথা নেই। কখনো ‘ডাইভ’ দিয়ে আবার কখনো খারাপ ব্যবহার করেও রেফারির কাছ থেকে শাস্তি পান। সে রকমই ঘটল বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেও। গাই ডেমেলের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে দুজনই দেখেছেন হলুদ কার্ড।রোনালদোর ক্ষেত্রে বারবার এমনটাই হয় কেন? রোনালদো নিজেও এটা নিয়ে ভাবছেন। কিন্তু ভেবেটেবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না তিনি। তাঁর কাছে রেফারিদের পুরো আচরণটাই রহস্যময় মনে হচ্ছে, ‘কখনো কখনো ব্যাপারটা আসলেই বিভ্রান্তিকর মনে হয়। এমনও হয় যে, আমাকে কেউ ট্যাকল করল, কিন্তু রেফারি ফাউলই দিলেন না; তিনি ভাবলেন আমি ডাইভ দিয়েছি। আমি জানি, কী গতিতে খেলা হয়, খেলোয়াড়েরাও অনেক গতিতে থাকে। কিন্তু আমি রেফারিদের সিদ্ধান্ত সব সময় বুঝে উঠতে পারি না।’আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি ২০০৮ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের, ‘আমি রেফারিদের সম্মান করলেও অনেক সময় তাঁদের সঙ্গে একমত হতে পারি না। তাঁরা বিপজ্জনক খেলোয়াড়দের ঠেকানোর কোনো চেষ্টা করেন না। প্রথমার্ধে (আইভরিকোস্টের বিপক্ষে) কেউ একজন আমাকে ট্যাকল করল, উল্টো এসে আমাকেই হলুদ কার্ড দেখিয়ে দেওয়া হলো। আমি তো কিছুই করিনি। কিন্তু উনি (রেফারি) আমাকে হলুদ কার্ড দেখালেন!’এত দূর বলার পর অবশ্য রোনালদোর আইনের কথাও মনে পড়ে গেল। আইনত রেফারির সিদ্ধান্তের সমালোচনা করাটা অন্যায়। তাই সবকিছু বলে দিয়ে আবার বলছেন, তিনি রেফারিদের সমালোচনা করছেন না, ‘কখনো কখনো আমি আসলেই এসব বুঝতে পারি না। কিন্তু এটাই তো ফুটবল। আমি জানি, কার্ড পাওয়া নিয়ে আমার কথা বলা উচিত না। আমি রেফারিদের নিয়ে কথা বলতে চাইও না।’ ওয়েবসাইট।