রেফারিদের কাজ সহজ করবে রিয়াল: মরিনহো
রিয়াল মাদ্রিদের সঙ্গে রেফারিদের সম্পর্কটা কেন জানি বৈপরীত্যের। খেলোয়াড় থেকে শুরু থেকে দলের ম্যানেজার পর্যন্ত প্রায়ই রেফারিদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। মাঠে সৃষ্টি হয় অপ্রীতিকর পরিস্থিতি। তবে গতকাল সোমবার মিউনিখে এক সংবাদ সম্মেলনে এর ঠিক উল্টো দাবি করলেন রিয়ালের ম্যানেজার হোসে মরিনহো। জানিয়েছেন, রেফারিদের সঙ্গে সম্পর্কটা মোটেও খারাপ নয় রিয়ালের।‘সব রেফারির সঙ্গেই ভালো ভালো সম্পর্ক রিয়ালের। আশা করছি, তাঁরা তাঁদের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করবেন। রিয়ালের ফুটবলাররা আগের মতোই রেফারিদেরকে ঠান্ডা মাথায় সহজে কাজ করতে সহায়তা করবে’—বলেছেন রেফারিদের কড়া সমালোচক মরিনহো। মরিনহোর এই মন্তব্য তাঁর একটা কৌশলও হতে পারে। আজ মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল। এত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রেফারিকে চটানো হয়তো ‘নিরাপদ’ মনে করেননি রিয়াল ম্যানেজার। বায়ার্নের বিপক্ষে ম্যাচে রেফারি হিসেবে থাকবেন ইংল্যান্ডের হাওয়ার্ড ওয়েব। তাঁকে নিয়ে শঙ্কা আছে কি না, সাংবাদিকদের করা এমন প্রশ্নে মরিনহো জানান, ওয়েবকে নিয়ে তাঁর বিশেষ কোনো শঙ্কা নেই।রেফারিদের প্রতি সতর্কবার্তা দিতেও অবশ্য ভোলেননি লা লিগায় সচরাচর সংবাদ সম্মেলন এড়িয়ে চলা মরিনহো। রিয়াল ম্যানেজার বললেন, ‘আমরা বুঝি, রেফারিদের ভুল হতেই পারে। কিন্তু তাঁদের ভুলের কারণেই ম্যাচের জয়-পরাজয় নির্ধারিত হতে পারে।’ রয়টার্স।