রেফারিদের ৯৬ শতাংশ সিদ্ধান্তই সঠিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের সবচেয়ে ধন্যবাদহীন কাজ রেফারিং নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত নেই। রেফারিদের ভুল ফুটবল তথা বিশ্বকাপে জন্ম দিয়েছে অনেক অনভিপ্রেত বিতর্কের। তবে ফিফার রেফারিং কমিটি জানিয়েছে, বিশ্বফুটবলে রেফারিরা গড়ে ৯৬ শতাংশ ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত দেন।রেফারিং কমিটি অবশ্য এই হিসাব একটি গবেষণার ভিত্তিতেই দিয়েছে। গবেষণাটিতে অবশ্য রেফারিদের ছোটখাটো সিদ্ধান্ত স্থান পায়নি। সাধারণত পেনাল্টি, ফ্রি-কিক, ফাউল প্রভৃতি বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে কয়েকটি ম্যাচে নেওয়া রেফারিদের সিদ্ধান্তগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এই গবেষণাটি করা হয়েছে।ফিফার রেফারিং কমিটির প্রধান হোসে মারিয়া গার্সিয়া আরান্দা জানিয়েছেন, ‘এই গবেষণাটির পেছনে রয়েছে আমাদের কয়েক সপ্তাহের পরিশ্রম। এতে যাচ্ছে, মাঠে রেফারিদের নেওয়া বেশির ভাগ সিদ্ধান্তই সঠিক। এর হার শতকরা ৯৬ শতাংশ।’এবারের বিশ্বকাপে কয়েকটি ম্যাচেই রেফারিদের সিদ্ধান্ত নিয়ে হয়েছে তুমুল বিতর্ক। দ্বিতীয় রাউন্ডে জার্মানি-ইংল্যান্ডের খেলায় ইংলিশ ফরোয়ার্ড ফ্রাংক ল্যাম্পার্ডের সেই শটটি জার্মানির গোললাইন অতিক্রম করার পরও গোল দেননি রেফারি। আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে আর্জেন্টিনার কার্লোস তেভেজের করা প্রথম গোলটির সময় তেভেজ ছিলেন পরিষ্কার অফসাইডে। অথচ পুরো ব্যাপারটিই রেফারি ও লাইন্সম্যানের দৃষ্টি এড়িয়ে যায়। রেফারিদের এমন কিছু ভুল পুরো খেলারই প্রেক্ষাপট পাল্টে দিয়েছে—এমন অভিযোগ করছেন অনেকেই। এসবের পরই বিশ্বব্যাপী জোর দাবি ওঠে ফুটবলে গোললাইন প্রযুক্তির ব্যবহার শুরু করার। ফিফা ব্যাপক সমালোচনার মুখে চিন্তা-ভাবনাও নাকি করেছে, ফুটবলে অন্তত গোললাইন অতিক্রম করা না-করার বিতর্ক, পেনাল্টি, ফাউল ও অফসাইডের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রযুক্তির সাহায্য নেওয়ার।রেফারিদের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বিশ্বব্যাপী হাজারো সমালোচনার ব্যাপারে মারিয়া গার্সিয়া বলেন, একজন রেফারিকে একটি খেলায় যদি ২০০ সিদ্ধান্ত নিতে হয়, তাহলে তাঁর একটি ভুল সিদ্ধান্তই বাকি ১৯৯টি ভালো সিদ্ধান্তকে ভুলিয়ে দিতে পারে। বিশ্বকাপের ম্যাচগুলোতেও এমনটি হয়েছে।রয়টার্স।