রেফারির আত্মহত্যার চেষ্টা
কোলনে স্বাগতিক দলের সঙ্গে মেইঞ্জের খেলা পরিচালনা করার কথা ছিল তাঁর। কিন্তু এর বদলে বাবাক রাফাতিকে ভর্তি হতে হলো হাসপাতালে। রাখতে হলো নিবিড় পরিচর্যাকেন্দ্রেও (আইসিইউ)। জার্মানির শীর্ষ রেফারিদের একজন রাফাতি যে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে হোটেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন!জার্মান গোলরক্ষক রবাট এনকের আত্মহননের দুই বছরের মাথায় রাফাতির আত্মহত্যার চেষ্টা আবারও শীর্ষ পর্যায়ের ফুটবলের অসহ্য মানসিক চাপের বিষয়টি নিয়ে এল আলোচনায়। এই ৪১ বছর বয়সী অবশ্য এখন প্রাথমিক শঙ্কা কাটিয়ে উঠেছেন। কয়েক দিনের মধ্যে তাঁকে আইসিইউ থেকে সরিয়ে আনা হবে বলেও জানানো হয়েছে।সহকারীরা সময়মতো না দেখলে রাফাতিকে বাঁচানো যেত কি না, সন্দেহ। ম্যাচ শুরুর আগে সাধারণত সহকারী রেফারিদের সঙ্গে বসে প্রয়োজনীয় নির্দেশনা দিতেন রাফাতি। কিন্তু এদিন তিনি আসছেন না দেখে সহকারীরা তাঁর কক্ষে যান। কক্ষে খুঁজে না পেয়ে খোঁজ করা হয় স্নানঘরে। সেখানেই রক্তাক্ত রাফাতিকে আবিষ্কার করা হয়। রগ কেটে ফেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। এএফপি।এ ঘটনায় গভীর বেদনা ও উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান ফুটবল সংস্থার (ডিএফবি) প্রধান থিও জওয়ানজিগার, ‘এর থেকে একটাই ব্যাখ্যা পাওয়া যায়, বিভিন্ন কারণে রেফারিদের ওপর এখন অনেক চাপ। ওদের চাপ কমানোর কোনো উপায়ও আমরা খুঁজে বের করছি না।’