রেফারির ওপর ইব্রার রাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মনে হচ্ছে, উয়েফা সুনির্দিষ্ট দুটি দলকেই ফাইনালে দেখতে চায়। এখন বুঝতে পারছি ন্যু ক্যাম্পে এলেই কেন মরিনহো এসব কথা বলেন’—ইব্রাহিমোভিচগত মৌসুমে আলোচিত এক ষড়যন্ত্র-তত্ত্ব দিয়েছিলেন হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদ কোচের দাবি ছিল, হয়তো ইউনিসেফের প্রচার চালায় বলেই উয়েফা সব সময় বার্সেলোনার পাশে থাকে। বার্সাকে জেতাতে চায়। বার্সার প্রতি উয়েফার এই ‘আনুগত্যের’ কথা এবার উঠে এল জ্লাতান ইব্রাহিমোভিচের কণ্ঠেও। পরশু মিলানের বিপক্ষে দুটি পেনাল্টি দিয়েছেন ডাচ রেফারি বিয়র্ন কুইপার্স। অথচ দ্বিতীয়ার্ধের শুরুতে প্রাপ্য পেনাল্টি মিলান পায়নি বলে দাবি এই সুইডিশ স্ট্রাইকারের। ওই সময় ইব্রাকে বক্সের মধ্যে ফাউল করেছিলেন হাভিয়ের মাচেরানো। বার্সেলোনা কর্নার নেওয়ার সময় বক্সে সার্জিও বুসকেটসের জার্সি ধরে টান দিয়েছিলেন আলেসান্দ্রো নেস্তা। ইব্রার দাবি, তখনো কিক নেওয়া হয়নি, কাজেই বল খেলার মধ্যে ছিল না। ওই অবস্থায় ফাউলের বাঁশি বাজানোর কোনো যুক্তি নেই, ‘আমরা ম্যাচে সমতা এনেছিলাম। কিন্তু এরপর আমাদের বিপক্ষে এমন একটা পেনাল্টি দেওয়া হলো, যখন বল খেলার মধ্যে ছিলই না। খুবই অদ্ভুত একটা সিদ্ধান্ত ছিল। এটাই খেলাটাকে ধ্বংস করে দিয়েছে। হয়তো ওই সময় একটা ধাক্কাধাক্কি হয়েছিল। কিন্তু বল খেলার মধ্যে না থাকলে আপনি বাঁশি বাজাতে পারেন না।’সেটা যদি ফাউল হয়, তাহলে মাচেরানো যা করেছে, সেটা কী? এই প্রশ্নও তুলেছেন ইব্রা, ‘রেফারি কীভাবে এমন একটা পেনাল্টি দিল? সেটা যদি পেনাল্টি হয় তো আমার পেনাল্টিটাও দেওয়া উচিত ছিল রেফারির।’ এরপর সেই ষড়যন্ত্র-তত্ত্বের কথা বলেছেন এই স্ট্রাইকার, ‘মনে হচ্ছে উয়েফা সুনির্দিষ্ট দুটি দলকেই ফাইনালে দেখতে চায়। এখন বুঝতে পারছি ন্যু ক্যাম্পে এলেই কেন মরিনহো এসব কথা বলেন। এবার একেবারে প্রত্যক্ষভাবে ব্যাপারটা বোঝা হয়ে গেল।’ ‘অপরাধী’ নেস্তাও রেফারির সিদ্ধান্ত মানতে পারছেন না। তাঁর দাবি, ওই ঘটনার আগেই পুয়োলই উল্টো ফাউল করেছিলেন তাঁকে। অবশ্য নেস্তা ইব্রার মতো ‘বিদ্রোহী’ নন, তিনি পরাজয়টা মেনে নিচ্ছেন, ‘আমরা দুর্ভাগ্যের শিকার। তবে বিশ্বের সেরা দলের কাছে হেরে যাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই।’ইব্রাহিমোভিচের এমন দাবি পেপ গার্দিওলার কানে তোলা হলো স্বভাববিরুদ্ধ ভঙ্গিতে, ঝাঁজাল জবাব দিয়েছেন বার্সা কোচ। মরিনহো আর ইব্রা ইন্টারে থাকার সময় দুজনের মধ্যে খুটখাট ঝামেলা লেগেই থাকত। সেদিকে ইঙ্গিত করে গার্দিওলা বলেছেন, ‘এখন দেখা যাচ্ছে, ও মরিনহোর ভালো বন্ধু হয়ে উঠেছে।’ ইব্রার যুক্তি খণ্ডন করে বার্সা কোচ বলেছেন, ‘ও যদি এমনটা বলে থাকে, তাহলে তো আমাদের উচিত রেফারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। তবে আমার মনে হয়, টানা পঞ্চমবার সেমিফাইনালে ওঠাই ওর যুক্তির ভালো জবাব। আমরা মাঠেই কথা বলতে ভালোবাসি। এই জয় আমাদের প্রাপ্য ছিল। ওরা যেখানে পুরো ম্যাচে গোলে তিনটি শট নিয়েছে, আমাদের শট সেখানে ২১টি। সেটাও ইতালির একটি দলের বিপক্ষে (যারা ঐতিহ্যগতভাবে রক্ষণে অনেক ভালো)।’ এএফপি, রয়টার্স।