রেফারির বলি কিওয়েল!
ম্যাচের ২৩ মিনিটের ঘটনা। অস্ট্রেলিয়া তখনো ১-০তে এগিয়ে। এ সময় গোল লাইনে থাকা অবস্থায় হাতে বল লাগে হ্যারি কিওয়েলের। লাল কার্ড দেখাতে এতটুকু সময় নেননি রেফারি। পেনাল্টি থেকে গোল করে ঘানাকে সমতায় আনেন আসামোয়া গায়ান। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।রেফারির এই লাল কার্ড কিছুতেই মানতে পারছেন না ভুক্তভোগী হ্যারি কিওয়েল। ঘানার বিপক্ষে পাওয়া এই লাল কার্ড তাঁর বিশ্বকাপকে শেষ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার এই স্ট্রাইকার। রেফারির প্রতি অভিযোগ করে ক্ষুব্ধ কিওয়েল রয়টার্সকে বলেন, ‘আমি ইচ্ছা করে বল হাতে লাগাইনি। বুক দিয়ে বল ঠেকাতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত তা হাতে লেগে গেছে। অথচ রেফারি বিষয়টি অন্যভাবে দেখলেন। পরিস্থিতিটি এমন—দেহ থেকে হাত আলাদা করে খেলতে হবে।’ এরপর রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করে কিওয়েল বলেন, ‘এই লোকটি আমার বিশ্বকাপ শেষ করে দিয়েছে!’কিওয়েলের অভিযোগের সঙ্গে একমত পিম ভারভিক। অস্ট্রেলিয়ার এই কোচ মনে করে, লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে কিওয়েলকে। সংবাদ সম্মেলনে ভারবিক বলেন, ‘এ ঘটনা বারবার আমি টেলিভিশনে দেখেছি। এখানে কোনোভাবেই লাল কার্ড দেওয়া চলে না।’ হ্যান্ডবলের ঘটনা স্বীকার করে অস্ট্রেলিয়ার এই কোচ বলেন, ‘ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, হ্যান্ডবল হয়েছে এটাই সত্যি। রেফারি পেনাল্টি দিয়েছেন বলে তাই কোনো অভিযোগ নেই আমার। কিন্তু তাঁর লাল কার্ড দেওয়াটা বাড়াবাড়ি হয়ে গেছে।’