রেফারির বেরসিক বাঁশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৮ বিশ্বকাপের ব্রাজিল-সুইডেন ম্যাচ তখন ১-১ সমতায়। খেলা চলছে অন্তিম সময়ের। এমন সময় কর্নার পেল ব্রাজিল। জিকোর লক্ষ্যভেদী হেড বারপোস্টে ঢুকতে যাবে, এমন সময় রেফারি ক্লাইভ টমাস বাজিয়ে দিলেন শেষ বাঁশি। খেলা শেষ হলো সেই ১-১-এ। ব্রাজিল সেই ম্যাচে জয় পেলে টুর্নামেন্টটা হয়তো অন্য রকমও হতে পারত।
৩৫ বছর আগের সেই ভূত পরশু ফিরে এল সিরি ‘আ’র সাম্পদোরিয়া-তুরিনো ম্যাচে। স্বাগতিক সাম্পদোরিয়া এগিয়ে ছিল ১-০ গোলে। বিরতির ঠিক আগে তারা ফ্রি-কিক পায়। অ্যাঞ্জেলো পালেম্বোর ফ্রি-কিক ঠেকিয়ে দেন তুরিনো গোলরক্ষক দানিয়েলে পাদেল্লি। ফিরতি বলটা জালে পাঠিয়ে দিয়েই উদ্যাপন শুরু করেন নিকোলা পজ্জি।
কিন্তু পুরো স্টেডিয়াম হতভম্ব হয়ে দেখল গোলটা বাতিল করে দিয়েছেন রেফারি আন্দ্রেয়া জারভেসোনি। প্রথমে সবাই ভেবেছিল বুঝি অফসাইড বা ফাউল হয়েছে। কিন্তু সাম্পদোরিয়া খেলোয়াড়েরা আবিষ্কার করলেন রেফারি প্রথমার্ধ শেষের বাঁশিই বাজিয়ে দিয়েছেন! তীব্র প্রতিবাদ করেন তাঁরা, কিন্তু লাভ হয়নি। পরে সাম্পদোরিয়া কোচ দেলিও রসি বলেছেন, ‘আমি রেফারির সমালোচনা করছি না, কিন্তু ২-০ হলে ম্যাচটা একেবারেই অন্য রকম হতে পারত।’
ম্যাচটা ড্র হয়েছে ২-২ গোলে। রয়টার্স।